গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল— পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্যকে মারধর করা হয়। এতে সদর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার রঘুনাথ ইউনিয়নের পুরাতন খেয়াঘাট এলাকার সেতুসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
আহত পুলিশ সদস্যরা হলেন— সদর থানার এসআই ফুলমিয়া ও কনস্টেবল মাহবুবুর রহমান। তারা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল যুবককে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। তাদের হাতে হকিস্টিক ও কাঠের লাঠি ছিল।
ভিডিওতে দেখা যায়, বাজারের মোড়ে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িটির পাশে ছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে মিছিলকারীরা গাড়িটিতে ভাঙচুর শুরু করেন। চালক গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা সেটির পিছু নিয়ে আবারও ভাঙচুর করেন। পরে কয়েকজন যুবক পুলিশ সদস্যদের মারধর করেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা দৌড়ে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সদর থানা-পুলিশের চার সদস্যের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। তারা খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বাজারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পরে পুলিশ সদস্যদেরও মারধর করেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আহত পুলিশ সদস্যরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








-d0b2d1-256x144.webp)




