শ্রমিক অসন্তোষ: ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে নিরাপত্তা জোরদার করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় রয়েছে ১০ প্লাটুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন সাত প্লাটুন বিজিবি সদস্য।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাদের মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।













