গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ সদস্যদের একটি সরকারি গাড়ির পথরোধ করে সেটি ঘিরে ফেলেন। দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, পুলিশ তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করলেও তারা ভাঙচুর চালিয়ে যান। একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।










-e111dc-256x144.webp)


