মাদরাসার শৌচাগারে মিলল শিক্ষার্থীর মরদেহ, ‘শ্বাসরোধে হত্যা’ ধারণা পুলিশের

দিনাজপুরের বিরল উপজেলার একটি কওমি মাদরাসার শৌচাগার থেকে সাত বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিশুটির নাম সাফায়েত হোসেন। সে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে তাকে মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদরাসায় ভর্তি করা হয়েছিল।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলছেন, “মাদরাসার শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে শিক্ষকরা দরজার কড়া নাড়েন। কিন্তু ভেতর থেকে কারও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে সাফায়েতকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।”
তিনি আরও বলেন, “পরে দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন তারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।










-9566b4-256x144.webp)



