টেকনাফের পাহাড়ে মিলল ২ জনের মরদেহ, জীবিত উদ্ধার আরও দুজন

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। উদ্ধার হওয়া একজন দাবি করেছেন, ইয়াবা আত্মসাতের অভিযোগে তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী ও লেচুয়াপ্রাং পেয়ারা বাগানসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে হতাহতের শিকার চারজনকে উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন— টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মোক্তার আহমেদ ও তুলাতুলি গ্রামের মোহাম্মদ আকবর। জীবিত উদ্ধার হওয়া দুজন একই ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. ইলিয়াস ও দৈংগ্যাকাটা গ্রামের আলী আহমদ।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পানখালী বন বিট কার্যালয়ের পাশে তিনজনকে পড়ে থাকতে দেখেন তারা। তাদের মধ্যে মোক্তার আহমেদ মৃত অবস্থায় ছিলেন। আহত অবস্থায় উদ্ধার করা হয় ইলিয়াস ও আলী আহমদকে। পরে লেচুয়াপ্রাংয়ের একটি পেয়ারা বাগানে পাওয়া যায় মোহাম্মদ আকবরের মরদেহ।
উদ্ধার হওয়া ইলিয়াসের ভাষ্য, চেকপোস্টের কারণে ইয়াবার চালান পাচার করতে না পেরে মাদক কারবারিরা তাদের চারজনকে ইয়াবা পাচারের দায়িত্ব দেয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা ডাকাত দলের হাতে পড়ে। পরে বাকি ৭০ হাজার পিস ইয়াবা হোয়াইক্যংয়ের তুলাতুলি এলাকার বাসিন্দা মিজানের কাছে ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের চারজনকে বিচারের কথা বলে গত সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি করেন ইলিয়াস। বলেন, পাহাড়ি এলাকায় নিয়ে ইয়াবা আত্মসাতের অভিযোগে আটকে রেখে তাদের বেদম মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে মোক্তার আহমেদ ও মোহাম্মদ আকবরের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হ্নীলার পাহাড়ি এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।













