ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. হোসেন (৪০), কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০), মো. জুয়েল (৩০), রাব্বি (২৫) ও রাসেদুল ইসলাম রাসেল। সংঘর্ষের পর তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এর আগে গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের ১৩ সদস্যে দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। সিরাজুল ইসলাম ইমুকে উপজেলা ছাত্রদলের সভাপতি, শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক ও সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। অন্যদিকে পৌর ছাত্রদলের এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক ও জান্নাতুল বাকি হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এর প্রতিবাদে গত ২ নভেম্বর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। ওই কর্মসূচিতে বিএনপি নেতা আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া ও তার ছোট ভাই আবদুর রহমান সানির কুশপুতুলে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, নবগঠিত কমিটির সমর্থক নেতাকর্মীরা বুধবার আনন্দ মিছিল নিয়ে ওই এলাকায় গেলে কমিটির বিরোধিতাকারী আরেক পক্ষের নেতাকর্মীরা মিছিলে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন রাজু আহমেদ। পদবঞ্চিত এই নেতার অভিযোগ, তিন দিন আগে কালো টাকা দিয়ে কবির আহমেদের হস্তক্ষেপে তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে কমিটি গঠন করা হয়েছে।
রাজু বলেন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। তিন দিন ধরে আন্দোলন করে আসছি। আজ তারা আনন্দ মিছিল করতে গেলে বাধা দিয়েছি। সেখানে আমাদের কয়েকভাইকে গুরুতর আহত করেছে।
জানতে চাইলে নবগঠিত কসবা উপজেলা ছাত্রদল কমিটির সাধারণ সম্পাদক মো. শিমুল মিয়া বলেন, গত ১৭ বছর আমরা বহু হামলা ও মামলার শিকার হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি দীর্ঘ ১০ বছর পর নতুন সুন্দর কমিটি গঠন করে দিয়েছেন। এ কারণে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করতে গেলে প্রতিপক্ষরা আক্রমণ করেছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাজারের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।













