লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা অবরোধ মহাসড়ক-রেলপথ

চট্টগ্রাম ব্যুরো
লরিচাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে মঙ্গলবার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
লরিচাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে মঙ্গলবার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১)। একই দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।

এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়কের দুই পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন সহপাঠীসহ সতীর্থরা। জেলা প্রশাসকের আশ্বাসে শেষ পর্যন্ত প্রায় সাত ঘণ্টা পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সাড়ে ১১টার দিকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে বিক্ষোভস্থলে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় ওই এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। রেল চলাচলও ব্যাহত হয়।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা সরাসরি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এ সময় ডিসি জাহিদুল সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় গেটে নিহত শিক্ষার্থী মাইশার জানাজায় অংশগ্রহণ করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা ও সড়কের দুই পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ পার্কিং তুলে দেওয়ারও ঘোষণা দেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad