চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, হত্যার হুমকি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে। গুলির ঘটনার পর ওই ব্যবসায়ীকে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা না দেওয়ায় তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তার কাছে সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
ওসি আরও বলেন, “রাতে সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি।” এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাড়ির মালিক জাফর জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন জানালে রায়হান আর যোগাযোগ করেননি। তিনি বলেন, “গত বুধবার পুনরায় ফোন করে চাঁদা চাওয়া হয়। এরপর রোববার রাতে ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকত না।”
গুলির ঘটনার পর তাকে আবার ফোন করা হয় জানিয়ে জাফর বলেন, এ সময় তাকে বলা হয়, “আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।”
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বায়েজিদ বোস্তামীসহ নগরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে বড় সাজ্জাদের হয়ে চাঁদা দাবি করে আসছেন রায়হান ও ডেভিড ইমন।
ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে রায়হান বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন, তার নাম ব্যবহার করে অন্যরা এ ধরনের কর্মকাণ্ড করছেন।















