নাফ নদী সাঁতরে ইয়াবা পাচার, ২ লাখ ১০ হাজার বড়িসহ আটক ৩

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান। এছাড়া পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। দুই অভিযানে মোট তিনজন আটক এবং ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে সাবরাং বিওপির বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়। রাত ১টা ৫০ মিনিটের দিকে থার্মাল ইমেজার ও রাডারের সাহায্যে মিয়ানমার থেকে আসা দুজনের গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা।
পরে রাত দুইটার দিকে ওই দুজনকে বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। অন্যজনকে বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. শাকের (৪০)। তাঁদের দুজনের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে বিজিবি। তারা হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। বিজিবির সি বিচ বিওপির সদস্যরা মহেশখালীয়াপাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে অস্থায়ী তল্লাশিচৌকি বসান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে অটোরিকশায় আসা ওই দুই নারীর সঙ্গে থাকা প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানিয়েছে, আটক তিন ব্যক্তি, জব্দ করা মাদক ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।










-a4b35b.jpg)



