সাভারে শ্রমিকদের বিক্ষোভের সময় ‘বহিরাগতদের হামলায়’ আহত শ্রমিকের মৃত্যু

সাভারে শ্রমিকদের বিক্ষোভের সময় ‘বহিরাগতদের হামলায়’ আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মো. সেলিম নামের ওই শ্রমিক গতকাল রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান বলে জানিয়েছে তার পরিবার।
২৩ বছর বয়সী সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভারের আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ৪ নভেম্বর আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় আহত হন সেলিম। ওই ঘটনায় করা মামলায় সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, ৪ নভেম্বর আউকপাড়ার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। পরিস্থিতি বিবেচনায় দুপুর সাড়ে ১২টার দিকে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্রেন্ট সুজেও ছুটি ঘোষণা করা হয়।
ছুটি শেষে শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। তখন হঠাৎ এক ব্যক্তি রডজাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করেন। হামলাকারীরা কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন।
গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাবা মোহাম্মদ রহিম আজ সকালে বলেন, ‘সেদিন (৪ নভেম্বর) যখন ছুটি দিছে ১০-১২ জন পোলাপান আইসা ওগোরে হামলা করছে। তিন জন আহত হইছে, আমার ছেলেটা একটু বেশি। লোহার কিছু একটা দিয়া মারছে। এর পর অজ্ঞান হইয়া যায়। ঢাকা মেডিকেলে রাইতে মারা গেছে। ছেলেটার লাশ এখন গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়া যাইবো।’
ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা বলেন, আঘাত পাওয়ার পর থেকে সেলিম অচেতন ছিলেন। তাকে বাঁচানোর জন্য কারখানার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হামলায় আহত অন্য দুই শ্রমিক সুস্থ আছেন।
হামলার ঘটনায় ৭ নভেম্বর আশুলিয়া থানায় মামলা করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।








-f8ef77-256x144.webp)


