মারধরে বাবার মৃত্যু, এসআরবির হাতে গ্রেপ্তার রামিম

বাবার কাছ থেকে কাপড় নিয়ে ভ্যানগাড়িতে বিক্রি করতেন ছেলে। ঠিক সময়ে টাকা না দেওয়ায় এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বাদানুবাদ হতো। এর জেরে দুই দফায় বাবাকে মারধরের পর তার মৃত্যু হয়। ঘটনার পাঁচদিন পর, রোববার কক্সবাজার থেকে ছেলে রামিমকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গ্রেপ্তার রামিমের বয়স ২১ বছর। তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিজয়নগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
এসআরবি জানায়, গত ১০ নভেম্বর রামিম তার বাবা রহিম উল্ল্যাহকে (৬০) মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়েন রহিম উল্ল্যাহ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রামিম পলাতক ছিলেন।
নিহতের স্ত্রী বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। ওই মামলায় রোববার কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকা থেকে রামিমকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ সোমবার বলেন, মৃত রহিম উল্ল্যাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। বিজয়নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করতেন।
ওসি পারভেজ বলেন, “তার (বাবা) থেকে কাপড় নিয়ে ব্যবসা করতেন ছেলে রামিম। কিন্তু ঠিক সময়ে টাকা না দেওয়ায় তাদের মধ্যে বিভিন্ন সময়ে বাদানুবাদ হতো। এর জেরে গত ১০ নভেম্বর বাবা-ছেলের কথাকাটাকাটির এক পর্যায়ে রামিম তার বাবা রহিম উল্ল্যাহকে মারধর করেন। এতে গুরুতর আহত অসুস্থ হয়ে মারা যান রহিম উল্ল্যাহ।”
মামলার এজাহার অনুযায়ী, ১০ নভেম্বর রাত ৮টার দিকে টাকা-পয়সা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে রামিম তার বাবাকে মারধর করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দেন।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে ১৪ নম্বর ঘাটের আক্কাসের মার্কেটের সামনের রাস্তায় আবারও বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় রামিম তার বাবাকে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।
একপর্যায়ে রহিম উল্ল্যাহ অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রামিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।












-f8ef77-256x144.webp)

