গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সকালের দিকে সড়কগুলোতে অবস্থান নেন। এতে মুহূর্তেই হাজারো শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর অংশ অবরোধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










-f8ef77-256x144.webp)


