গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা, রামদা নিয়ে মিছিলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তর বলছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য অধিকাংশ সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরাও সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। সদর উপজেলার আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী শহরে প্রবেশ করেন।
পরে তারা লগি-বৈঠা নিয়ে মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ ঘটনার পর রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।
আজ সোমবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হলো।















