গাজীপুরে টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরা, ১৭ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ১৬
সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত
সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকালে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও দুটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সকাল নয়টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকরা সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর বিজিবি-৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বোর্ডের এক স্থায়ী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানান। নোটিশে বলা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় সভাটি ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানানো হবে।

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনাকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।”

সোমবারের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad