পরিমাপে কারচুপি, ঢাকায় ৩ ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়ায় ঢাকার তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করা হয়।
বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন।
বিএসটিআইয় বলছে, অভিযানে মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল সরবরাহের ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম তেল পাওয়া যায়। প্রতিষ্ঠানটি চৌধুরীপাড়া, ডিআইটি রোডের হাজীপাড়ায় অবস্থিত।
এ ছাড়া টিকাটুলির এ হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট পরীক্ষা করে একটি অকটেন সরবরাহের ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল পাওয়া যায়।
খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিটের মধ্যে দুটি অকটেন সরবরাহের ইউনিটে কম তেল দেওয়ার প্রমাণ মেলে। এর একটি প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার এবং অন্যটি ১৩০ মিলিলিটার কম তেল সরবরাহ করছিল।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে। গ্রাহকরা যাতে সঠিক পরিমাণে জ্বালানি তেল পান, তা নিশ্চিত করতে পরিমাপযন্ত্র যাচাইয়ের কার্যক্রমও চলবে।
















