মালিবাগ ফ্লাইওভারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মালিবাগ ফ্লাইওভার। ফাইল ছবি: সংগৃহীত
মালিবাগ ফ্লাইওভার। ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মৌচাক মোড়সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে হাত-পা বাঁকানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “উদ্ধারের সময় ওই নারীর পরনে সবুজ রঙের একটি জামা ও প্যান্ট ছিল। পোশাকগুলো শরীরের সঙ্গে লেগে ছিল। মরদেহটি অর্ধগলিত ছিল এবং শরীর ফুলে গিয়েছিল। তাতে পচন ধরেছিল।”

এসআই রাশেদুল জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন এবং ফ্লাইওভারের বিমের ওপর ঘুমাতেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad