শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব এবং গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন মুফতি রুহুল আমিন। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।
গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, আলেম সমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মুফতি রুহুল আমিন। ৫ আগস্টের পর গোপালগঞ্জ থেকে লোকজন এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন তিনি বলে অভিযোগ রয়েছে।
গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে ওই ঘটনার পাশাপাশি অন্তত তিনটি মামলার আসামি মুফতি রুহুল আমিন। তবে কোন কোন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।












