মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয় থাকা ভবনে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশ ভাঙচুর করা হয়। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ ধরে তারা সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তারাও ওই ভবনে ছিলেন। হামলাকারীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন।
মামুন পাটোয়ারী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে এবং ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিকে হামলার সম্ভাব্য কারণ বলে মনে করছেন তিনি।
হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
দুপুর ১২টার দিকে এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কী সব বলছেন আপনি! এসব ঘটনা তো ঘটেনি। গ্রেপ্তার কোথা থেকে আসবে।’ অন্যদিকে পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, ঘটনাটি তার থানা এলাকায় ঘটেনি, অন্য থানার এলাকায় ঘটেছে।













