ডিসেম্বরে নাশকতার পরিকল্পনা, ডিবির হাতে গান পাউডারসহ গ্রেপ্তার ৩

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার মধ্যে দুই কেজির বেশি গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির দাবি, উদ্ধার করা গানপাউডার ব্যবহার করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের। এর পেছনে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
বুধবার সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে ডিবি। তারা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন, যুবলীগ নেতা মেঘলা মিলি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ। গত কয়েক দিন ধরে নাশকতার জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করে আসছে। এর মধ্যে গানপাউডার উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানাল ডিবি।
শফিকুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক একজন মন্ত্রী কয়েকদিন আগে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। তিনি সারা দেশে নাশকতা ও আগুনসন্ত্রাস ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।’ ওই অডিও নজরে আসার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়।
ডিবি জানায়, গতকাল মঙ্গলবার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গানপাউডারসহ মামুন অর রশীদকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগ। শফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মামুন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেছিলেন তিনি। মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে এসব সংগ্রহ করা হয়। পরে সেগুলো ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে পৌঁছে দিতে কুষ্টিয়া থেকে ঢাকায় আসেন মামুন। এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলামের দাবি, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতা চালাতে এসব গানপাউডার ব্যবহারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার সংশ্লিষ্টতার কথাও জানান তিনি। ওই নেতা বিদেশে অবস্থান করছেন বলে জানালেও তাঁর পরিচয় প্রকাশ করেননি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মৃত্যুদণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর অস্থিরতা দেখা দিলেও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান শফিকুল। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নভেম্বরের প্রথম ১৬ দিনে ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবিস্ফোরিত ৫২টি ককটেল উদ্ধার এবং এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।












