উত্তরার বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯: ৩৫
বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময়কার একাধিক মামলায় তিনি আসামি বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসাটিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

৮১ বছর বয়স্ক নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন, একে অন্যকে জড়িয়ে ধরেন।

নুরুল ইসলাম নাহিদ সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামী লীগ পরের নির্বচনেও সরকার গঠন করলে তিনি একই দায়িত্ব পান। টানা ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দলের কাউন্সিলে সে দায়িত্ব থেকে বাদ পড়েন তিনি। ওই সময় তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

শিক্ষামন্ত্রী থাকাকালে নাহিদ সবচেয়ে বেশি সমালোচিত হন মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি) নামে তার সহকারী একান্ত সচিবের (এপিএস) বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে অসদাচরণ ও পলায়নের কারণে ২০২২ সালের জুনে চাকরিচ্যুত করা হয়।

এদিকে নূরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে এক কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা ও তার স্ত্রীর নামে ছয় লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানায় দুদক। সবশেষ গত ১২ অক্টোবর তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

১৯৭০ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন নাহিদ। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে সিপিবির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত নুরুল ইসলাম নাহিদ। পরে ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। পরে ২০০৮ সাল থেকে তিনি সিলেট-৫ আসনে নির্বাচন করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad