টুঙ্গিপাড়ায় আ.লীগের বন্ধ কার্যালয় খুলে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ৩৩
রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা ও লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ফাইল ছবি: সংগৃহীত
রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা ও লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ফাইল ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল শেষে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তারা।

এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে কার্যালয় খোলার আগে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে যান। রোববার রাত ১০টার দিকে তারা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার শপথ নেন। এ সময় তারা সমাধিসৌধের বেদির পাশে সমবেত হয়েছিলেন।

কার্যালয় খুলে দেওয়ার পর সাংবাদিকদের ইফতি জামান পল্লব বলেন, তারা চান জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুন। তাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই সবাই একত্রিত হয়েছেন। নেতাকর্মীরা যেন দলীয় কার্যালয়ে বসতে পারেন, সে জন্য এটি খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা কাজ করবেন।

ইফতি জামান আরও বলেন, “এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ সরকার এরা আমাদের পার্টি অফিস অফ করে রেখেছিল প্রশাসন দিয়ে। আমরা সেটাকেও উৎখাত করে আমরা আজকে পার্টি অফিস ওপেন করে দিয়েছি।”

তিনি বলেন, বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের সম্পদ। গ্রামবাসী সবাই মিলে সমাধিসৌধও খুলে দিচ্ছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এখন থেকে সবাই সেখানে গিয়ে জিয়ারত করতে পারবেন এবং সেখান থেকেই সারা দেশে রাজনৈতিক আন্দোলন শুরু হবে।

এদিকে সোমবার সকালে সমাধিসৌধের পাশের বাসিন্দা আইয়ুব আলী বঙ্গবন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, “দেশের কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ নির্যাতিত হচ্ছে। আল্লাহ যেন শেখ হাসিনাকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনেন এবং পুনরায় আগের অবস্থানে প্রতিষ্ঠিত করেন।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad