‘বিএনপির কার্যক্রম’ জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা: খেলাফত মজলিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের বলেছেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায় বৃহত্তর ঐক্যের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। খেলাফত মজলিস জাতীয় ঐক্য চাইলেও এই দুটি বিষয় পাশ কাটিয়ে তা সম্ভব নয় বলে মনে করছে দলটি।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন আহমদ আবদুল কাদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ ইস্যুতে সব দলকে মাঠে চান তারা। এ জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। তবে সেই ঐক্যের পথে বিএনপির কার্যক্রম প্রধান বাধা বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ার সমালোচনা করে আহমদ আবদুল কাদের বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে। লিখিত বক্তব্যে খেলাফত মজলিস দাবি করে, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবার অশান্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, আগুন দেওয়া, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মাধ্যমে জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না উল্লেখ করে সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। গোপালগঞ্জে নাশকতায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। তবে লিখিত বক্তব্যে দলটি বলেছে, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজ এ সমস্যার সৃষ্টি হতো না। এরপরও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে উল্লেখ করা হয়। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকর করার দাবি জানানো হয়। অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার দাবিও জানায় দলটি।

ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে সংবাদ ব্রিফিংয়ে কয়েকটি কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। ১ থেকে ৭ ডিসেম্বর সব জেলা-মহানগরী, থানা-উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল বা গণসংযোগ; ৮ ডিসেম্বর সারা দেশে জেলা-মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল; ১২ ডিসেম্বর রাজধানীতে জাতীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল করবে দলটি।

সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান ও আবদুল জলিল, প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু এবং আইনবিষয়ক সম্পাদক শাইখুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad