ভারতে অবস্থানরত আ.লীগ নেতারা কেন ঘুরে বেড়াচ্ছেন সীমান্ত এলাকায়?

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্তসংলগ্ন এলাকায় দেখা গেছে। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলার কাছে আখউড়া সীমান্তে দেখা গেছে তাদের।
জুলাই অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া এসব আওয়ামী লীগ নেতা বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের একাধিক পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে তারা সীমান্তসংলগ্ন এলাকায় সফর করছেন।
ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি। ত্রিপুরা সীমান্তে যারা পরিদর্শনে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্তত দুজন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
অন্যদিকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই নিজ এলাকায় ফিরে গ্রেপ্তারের মতো যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া ভারত থেকে কয়েক শ নেতাকর্মী বাংলাদেশে ফিরে গেছেন বলেও জানান তারা।
সীমান্ত পর্যবেক্ষণ
আখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা ছিলেন, তাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন। বিবিসি জানতে পেরেছে, আখাউড়া সীমান্ত অঞ্চলে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো শীর্ষ পর্যায়ের সাত-আটজন নেতা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, এ নিয়ে আমাদের নেতৃত্ব দুটি এলাকায় গেছেন, আরও কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। তবে সব সীমান্ত অঞ্চলে তো আর যাওয়া সম্ভব নয়। এলাকাগুলোয় ঘুরে তারা বুঝতে চাইছেন, নেত্রী (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সেখানে যাতায়াত ইত্যাদির ব্যবস্থা কী বা বাংলাদেশের দিকে সীমান্ত অঞ্চলেই বা কী পরিস্থিতি, সে সবই বোঝার চেষ্টা হচ্ছে।
বিবিসি জানতে পেরেছে, দুটি সীমান্ত এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে আওয়ামী লীগ নেতারা প্রবেশ করেননি, বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতারা বৈঠক করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তারা যে ওই নেতাদের চলাচলের ওপরে সামনে থেকে না হলেও দূর থেকে নজর রেখেছিলেন, তা বলাই যায়।
আওয়ামী লীগের আরেক নেতা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত যদি এমন হয় যে শেখ হাসিনাকে স্থলপথে বাংলাদেশে ঢুকতে হচ্ছে, তাহলে কোন সীমান্তে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হতে পারে, সে ব্যাপারে আগাম প্রস্তুতি রাখতে হবে। সেসব তথ্য জানতেই সীমান্তগুলো ঘুরে দেখছে শীর্ষ নেতৃত্ব। তিনি তো আর একা যাবেন না, তার নিরাপত্তার প্রশ্ন আছে। তাই তার সঙ্গে কিছু নেতা তো যাবেনই। কিন্তু কারা সঙ্গে যাবেন, সেটা নেত্রীই সিদ্ধান্ত নেবেন। সবটাই নির্ভর করছে দলনেত্রী কী সিদ্ধান্ত নেন, তার ওপর।
ওই নেতা আরও বলেন, ‘নেত্রী এবং আমাদের ফেরার বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। তাকে তো একা ছাড়া হবে না, নেতৃত্বের একাংশ নিশ্চয়ই তার সঙ্গে থাকবে। আর অনেকেই হয়তো তার বাংলাদেশে প্রত্যাবর্তনের আগেই দেশে চলে যাবেন। বাকিরা কীভাবে যাব, সেই পরিকল্পনাও তিনিই চূড়ান্ত করছেন। প্ল্যান এ, বি, সি, ডি তৈরি আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রীর।’
শেখ হাসিনার সে সিদ্ধান্ত ভারত সরকারের অনুমতিক্রমেই নেওয়া হবে, এটাও মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু আদৌ ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন কি না0, সেটি এখনো স্পষ্ট নয়।
নাম প্রকাশ না করে এক নেতা বলেন, ‘বাংলাদেশে আমাদের দলীয় কর্মীরা নানা জায়গায় যে আন্দোলন চালাচ্ছেন, আগামী সপ্তাহে তার গতি প্রকৃতি দেখেই দেশে ফেরত যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে মনে হচ্ছে।’
‘অনেকেই দেশে ফিরেছেন’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন, তাদের নেত্রী দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে বা অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। দলটির একজন নেতা বলেন, গত মাসদেড়েক সময়ে ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনের নানা পর্যায়ের প্রায় তিন শ নেতাকর্মী বাংলাদেশে ফিরে গেছেন।
কোন কোন নেতাকর্মী বাংলাদেশে এরই মধ্যেই চলে গেছেন, সে তথ্য দলটির নেতারা প্রকাশ করতে চাননি, কারণ তাতে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হতে পারে বলে তারা মনে করেন। ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থান করছিলেন, এমন কয়েকজনও বাংলাদেশে ফিরে গেছেন বলে জানা যাচ্ছে। তবে এরকম ব্যক্তিদের সংখ্যা হাতেগোনা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন বলেন, আমাদের কোনো গোপন কৌশল নেই। যা পরিকল্পনা, সেটি একটি চলমান প্রক্রিয়া। আমরা যেমন দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি, তেমনই বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় কর্মী, সমর্থক বা শুভানুধ্যায়ীরা ধাপে ধাপে ফিরছেন। তাদের কেউ গ্রেপ্তার হচ্ছেন বা নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু ফিরেছেন অনেকেই।
সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বিবিসি বাংলাকে বলেন, কয়েক মাস ধরেই তো আমরা দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম, এখন সাংগঠনিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায় চলছে। বাংলাদেশের অভ্যন্তরে মাঠ পর্যায়ে যে সহকর্মীরা রয়েছেন, তাদের সংগঠিত করে নেত্রীকে স্বাগত জানাতে কারা কীভাবে ঢাকায় হাজির হবেন, সেটা চূড়ান্ত করছি আমরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানাচ্ছেন, একদিকে যেমন ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার দিন হিসাবে ঘোষণা করেছেন, অন্যদিকে ‘প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি’র মধ্যেই দলকে পুনর্জীবিত করার চেষ্টাও তারা বছরখানেকের বেশি সময় ধরেই চালিয়ে যাচ্ছেন। সেই প্রচেষ্টার অংশ হিসাবে বাংলাদেশের অভ্যন্তরে থাকা দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত বৈঠক করেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার ‘ফেরা’র পথ কী?
এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও বলেছেন, তারা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকরা বারবারই স্পষ্ট করেছেন, শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।
অন্যদিকে ল ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন করেছেন শেখ হাসিনা, তার পরিপ্রেক্ষিতে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে আইনি পথে শেখ হাসিনার দেশে ফেরার পথ এখনো দেখা যাচ্ছে না।
তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, তাদের নেত্রী দেশে ফিরবেন বলে প্রস্ততি তারা অব্যাহত রাখছেন এবং এরই অংশ হিসেবে তারা সীমান্ত পর্যবেক্ষণসহ দেশে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে ভারতের কর্তৃপক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন কি না, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।



-37725c.jpg)















