জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: জামায়াত আমির

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে উভয় পক্ষই বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ থাকবে, এমন ধারাগুলো রাখতে চাওয়া হচ্ছে। আর যেসব ধারা ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ করবে, সেগুলোতে ভিন্নমত দেওয়া হচ্ছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি জানান, সরকারের এসব সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে সমানতালে লড়াই চলবে। তবে সংসদ একেবারেই অকার্যকর, অপ্রয়োজনীয় ও জাতির বোঝা হয়ে উঠলে তারা সেখানে থাকবেন না।
জামায়াত আমির বলেন, তাদের সাত দফা দাবি কোনো দলীয় বা জোটগত দাবি নয়, বরং জনগণের দাবি। জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের আন্দোলন করছে, তাদের সঙ্গে সরকারের কোনো আঁতাত আছে কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া এবং সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে তিনি সরকারকে দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় ঐক্যের বিষয়ে শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে প্রায় ১৫ মিনিট কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তারা জাতীয় ঐক্যের পক্ষেই আছেন। তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে ঐক্য প্রতিষ্ঠিত হবে না। এ দুটি বিষয় মেনে নিলে ঐক্যের জন্য আলাদা সভা বা বৈঠকের প্রয়োজন পড়বে না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো মানুষের ওপর জুলুম শুরু করেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তার অভিযোগ, ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক চালের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাড়ে ১৫ বছর আমাদের মতোই মজুলম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা সবকিছু ভুলে গেছে। অনেকে মনে করতে পারেন, ক্ষমতা হাতে নেওয়ার পর বোধ হয় তারা ভুলে গেছেন। না, তারা ৬ আগস্ট থেকেই ভুলে গেছেন। ওই দিন থেকেই আওয়ামী লীগ স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছেন।’
প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য লোকদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তার ভাষ্য, এসব ব্যক্তি শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতিবাজও। জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু এখন দুর্নীতি ও বৈষম্যের সয়লাবে দেশ ভেসে যাচ্ছে। এখন পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।











-8c2e63-256x144.webp)


