দেশবিরোধী যেকোনো নৈরাজ্য মাঠে থেকে ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহীত
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মাঠে থেকে দেশবিরোধী যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বলে জানিয়েছেন জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মামুনুল হক বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে, সরকার তা কঠোর হাতে দমন করবে বলে আশা করছে জামায়াতের নেতৃত্বাধীন জোট।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমরা ১১ দল রাজপথে আছি, অব্যাহতভাবে জনগণকে সাথে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতপরতা, যেকোন সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মামুনুল হক বলেন, “নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নৈরাজ্যের মাধ্যমে, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কোনোদিন এইভাবে একটি দেশকে, একটি জাতিকে পরাস্ত করে দিতে পারবে বলে যদি তারা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।”

তিনি আরও বলেন, “আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে সকলে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তি কে প্রতিহত করতে হবে।”

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, “ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেওয়া হচ্ছে যে ঐক্যের প্রধান ভিত হবে বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। সেটার ভিত্তিতে আমরা আশা করি যে গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে সেটাকে সরকার নতুন করে আমলে নেবে।”

তিনি আরও বলেন, “সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার, যে মনোভাব তাদের ছিল সেখান থেকে সরকার পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

১১ দলীয় ঐক্যের বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad