সরকার ও প্রশাসনের একাংশ আ.লীগকে পুনর্বাসন করছে: গোলাম পরওয়ার

সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের চলমান সহিংসতা, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদের মতে, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করছে।
গোলাম পরওয়ার বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার প্রতি সরকারের এমন অবস্থান রাজনৈতিক আস্থার সংকট তৈরি করেছে। এদিকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা করা হচ্ছে, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ নানা স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। পরিস্থিতির অবনতি হলেও সরকার স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে দাবি করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। জনগণের নিরাপত্তায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকা ও সরকারের দুর্বলতার সুযোগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন। এসব ব্যক্তি নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করছেন বলে জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে।
শেখ হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ বিষয়ে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানায়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে বাধা, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে বলে জানান তিনি।
দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। ডিসেম্বর মাসজুড়েও কর্মসূচি রয়েছে। আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর মতে, গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে এবং সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে।
গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের কর্মসূচি প্রত্যাহার করবে। জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে। সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের বক্তব্যের দিকে দেশবাসী তাকিয়ে আছে। সংসদে জুলাই সনদ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে ইতিবাচক বার্তা এলে রাজপথের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গার্মেন্টস খাতের সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ দুটিই রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। শিল্প ও শ্রমিক উভয়কে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তা করার কোনো সিদ্ধান্তও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সরকার গণভোটের গণরায় মেনে নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনলে রাজনৈতিক সংকটের পাশাপাশি অন্যান্য সংকটও নিরসন সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।







-2612d5-256x144.webp)



-014895-256x144.webp)


