১১ দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
১১ দলীয় ঐক্যের লংমার্চে বগুড়ার কর্মসূচিতে বক্তব্য রাখছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটনেতারা। ছবি: জামায়াতের ফেসবুক পেজ
১১ দলীয় ঐক্যের লংমার্চে বগুড়ার কর্মসূচিতে বক্তব্য রাখছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটনেতারা। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

ঢাকা থেকে সিলেটের সড়কপথ বেহাল হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখও এখনো নির্ধারণ করা হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। কবে এ কর্মসূচি হবে, সে বিষয়ে তারা নতুন কোনো নির্দেশনা পাননি।

গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণার সময়ই সিলেটের জন্য রেলপথ বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্য বিভাগগুলোতে সড়কপথে লংমার্চের পরিকল্পনা থাকলেও সিলেটের ক্ষেত্রে ছিল ভিন্ন আয়োজন।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চের প্রস্তাব আসে। পরিকল্পনা ছিল, ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন তারা।

তবে রেলপথে কর্মসূচি আয়োজন নিয়েও জটিলতা দেখা দেয়। লংমার্চের সময় ট্রেনের স্বাভাবিক যাত্রী পরিবহন চালু রাখার বিষয়টি বিবেচনায় আসে। একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হলে রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার সন্ধ্যায় জানান, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আগের কর্মসূচিগুলো মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে লংমার্চের ঘোষণা দেয় ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। এরপর ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ হয়, যার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায়।

চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত হওয়ায় নতুন তারিখ বা কর্মসূচির বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad