উপজেলা ও পৌর নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭: ৩৭
রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থী ঘোষণা অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য আরও ১০০ জনের নাম প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক এই দলটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে এক অনুষ্ঠানের পর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির অনুমোদনক্রমে উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।”

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ মে উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে ১০০ জনের নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৬৭ জন এবং পৌরসভা নির্বাচনে ৩৩ জন প্রার্থী ছিলেন। সব মিলিয়ে এ দুই ধাপের ঘোষণায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলটির প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২০০।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৯ মার্চ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করেছিল দলটি। ওই তালিকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থীদের নাম ছিল।

২০২৪ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত হয় এনসিপি। গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় দলটি। এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad