মালিতে জান্তা সরকারকে রক্ষায় ৩৪৯ রুশ সেনা নিহত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মালির সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাশিয়ার সামরিক তৎপরতায় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অন্তত ৩৪৯ জন রুশ নাগরিক নিহত হয়েছেন। ফাঁস হওয়া রুশ সরকারি নথি বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গার্ডিয়ানের খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটে সংরক্ষিত রুশ যোদ্ধাদের মৃত্যুসনদ সংগ্রহ করেছে হ্যাকার গ্রুপ সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো। এসব নথি বিশ্লেষণে দেখা গেছে, নিহত ৩৪৯ জনের বেশির ভাগই বিদ্রোহীদের বিরুদ্ধে বিভিন্ন লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।
চলতি বছরের ২৫ এপ্রিল ভোরে উত্তর মালির দুর্গম মরু শহর কিদালে বিদ্রোহীদের হামলা শুরু হলে রুশ যোদ্ধারা অপ্রস্তুত হয়ে পড়েন। হামলার প্রথম ঘণ্টাতেই শহরের প্রান্তের কয়েকটি তল্লাশিচৌকি দখল করে নেয় বিদ্রোহীরা। পরে তারা পুলিশ স্টেশনের দিকে এগিয়ে গেলে সেখানে তীব্র লড়াই শুরু হয়।
সেসময় মালিতে অবস্থানরত রাশিয়ার আফ্রিকা কর্পসের সাবেক এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবকিছু একসঙ্গে ঘটছিল। চারদিকে বিস্ফোরণ হচ্ছিল, মানুষ চিৎকার করছিল। শত্রু কোথা থেকে আসছে, কেউ জানত না।”
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন বাহিনী ও তাদের মালির মিত্রদের ওপর সমন্বিত আকস্মিক হামলা চালায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জেএনআইএম এবং তুয়ারেগ-নেতৃত্বাধীন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ)। আত্মঘাতী গাড়িবোমা ও ড্রোন ব্যবহার করে শহরের প্রতিরক্ষা ভেঙে ফেলে বিদ্রোহীরা।
রসস্ট্যাটের নথি অনুযায়ী, ওই দিন মালিতে ৪৩ জন রুশ নাগরিক নিহত হন। তাদের মধ্যে কিদালে ছয়জন এবং কাছের আগুয়েলহোকে একজন মারা যান। অন্যদের মৃত্যুর স্থান হিসেবে রাজধানী বামাকো ও গাওয়ের নাম উল্লেখ করা হয়েছে। ওই দিন গাওয়ে বিদ্রোহীদের হামলায় একটি রুশ সামরিক হেলিকপ্টারও ভূপাতিত হয়।
পরদিন সকালে কিদাল ছেড়ে যায় রুশ বাহিনী। ২০২৩ সালের নভেম্বরে রুশ ভাড়াটে সেনাদের সহায়তায় শহরটি দখল করেছিল তারা। এরপর আফ্রিকায় নিজেদের ক্রমবর্ধমান প্রভাবের উদাহরণ হিসেবে কিদালকে তুলে ধরেছিল মস্কো।
ফাঁস হওয়া নথিতে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালিতে মোট ৩৪৯ জন রুশ নাগরিকের মৃত্যুর তথ্য রয়েছে। এতে দেশটিতে রাশিয়ার সামরিক তৎপরতার মানবিক মূল্য সম্পর্কে আগের ধারণার চেয়ে বড় চিত্র উঠে এসেছে। আফ্রিকায় রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মোতায়েনও এখন মালিতে।
মালিতে সফর করেছেন এবং এসব নথি দেখেছেন— এমন দুই পশ্চিমা কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা আগের হিসাবের চেয়ে বেশি। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাশিয়ার যুদ্ধে অংশ নেওয়া বাহিনীর ১০ শতাংশের বেশি নিহত হয়েছে।”
আফ্রিকায় নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করে না মস্কো। এ বিষয়ে মন্তব্য জানতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
ওয়াগনার থেকে আফ্রিকা কর্পস
রুশ ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ২০২১ সালের শেষ দিকে প্রথম মালিতে যান। এর এক বছর আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা। জান্তা সরকারের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে ফরাসি বাহিনী মালিতে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এর মধ্য দিয়ে দেশটিতে ফ্রান্সের এক দশকের সন্ত্রাসবিরোধী অভিযানের অবসান ঘটে। পরে জান্তা সরকারের প্রধান বিদেশি সামরিক সমর্থক হয়ে ওঠে রাশিয়া।
২০২৫ সালের জুনে মালিতে ওয়াগনারের কার্যক্রম আফ্রিকা কর্পসের কাছে হস্তান্তর করা হয়। এর দুই বছর আগে মস্কোর বিরুদ্ধে প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর ক্রেমলিনের কাছে ওয়াগনারের গ্রহণযোগ্যতা কমে যায়। ওই বছরের গ্রীষ্মে ব্রিটিশ গোয়েন্দারা ধারণা করেছিল, মালিতে প্রায় ২ হাজার আফ্রিকা কর্পস সদস্য মোতায়েন রয়েছে।
রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থাকা আফ্রিকা কর্পস বর্তমানে আফ্রিকার কয়েকটি সরকারকে সামরিক সহায়তা দিচ্ছে। এর বিনিময়ে তারা অর্থ কিংবা প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকারসহ লাভজনক চুক্তি পাচ্ছে।
তবে রুশ বাহিনীর উপস্থিতিতেও মালির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি। ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে আলজেরিয়া সীমান্তের কাছে তিঞ্জাওয়াতেনে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দিন ধরে লড়াই করে রুশ ও মালির বাহিনী।
ওই সময় ওয়াগনার এক বিরল বিবৃতিতে একজন কমান্ডারসহ নিজেদের কয়েকজন সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে নিহতের সংখ্যা জানায়নি। রুশ বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা ২০ থেকে ৮০ জনের বেশি বলে দাবি করা হয়েছিল।
রসস্ট্যাটের নথিতে ২০২৪ সালের ২৭ জুলাই ৭০ জন রুশ নাগরিকের মৃত্যুর তথ্য রয়েছে। তাদের একজন ছাড়া সবাই কিদাল অঞ্চলে নিহত হন। নথির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে আফ্রিকায় ওয়াগনারের সদস্যদের প্রথম মোতায়েনের পর থেকে তিঞ্জাওয়াতেনের লড়াই ছিল রুশ বাহিনীর জন্য এক দিনে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
মালিতে ইউক্রেনের ভূমিকার অভিযোগ
মালিতে রুশ বাহিনীর প্রাণহানি বাড়ার পেছনে ইউক্রেনের ভূমিকা থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধকে সাহেল অঞ্চলে সম্প্রসারিত করেছে ইউক্রেন— এমন দাবি করেছেন এ কার্যক্রম সম্পর্কে অবগত দুই ব্যক্তি।
তাদের ভাষ্য, ইউক্রেন তুয়ারেগ বিদ্রোহীদের সহায়তা করছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইরত স্থানীয় বিদ্রোহীদের সহায়তার জন্য প্রায় ১৫ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ মালিতে মোতায়েন করা হয়েছিল।
তবে ফাঁস হওয়া নথিতে রুশ নাগরিকদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে প্রায়ই দেরি হয়। ২০২৬ সালের মার্চে মালিতে কোনো রুশ নাগরিকের মৃত্যুর তথ্য নথিতে নেই। অথচ ওই মাসে নামপালার কাছে এক হামলায় আফ্রিকা কর্পসের অন্তত তিন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আফ্রিকার অন্য দেশেও রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি
ফাঁস হওয়া নথিতে আফ্রিকার অন্যান্য দেশে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে হতাহতের তথ্যও উঠে এসেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট ফসতাঁ-আরকাঁজ তুয়াদেরাকে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ওয়াগনারের ৩০ সদস্য নিহত হয়েছেন। তাদের সবার মৃত্যুর সঙ্গে নির্দিষ্ট কোনো ঘটনার যোগসূত্র পাওয়া যায়নি। তবে ২০২৩ সালের ডিসেম্বরে কাগা-বান্দোরোর ওয়াগনার ঘাঁটিতে ড্রোন হামলার রাতে তিনজন নিহত হন।
লিবিয়ায় রুশ বাহিনী দেশটির পূর্বাঞ্চলের কমান্ডার খলিফা হাফতারের সমর্থনে রয়েছে। সাহেল অঞ্চলে রাশিয়ার সামরিক মোতায়েনের সরবরাহপথ হিসেবেও হাফতারের বিমানঘাঁটি ব্যবহার করা হয়। নথিতে থাকা কয়েকটি মৃত্যুর ঘটনা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাতেন আল-সাররা ঘাঁটিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
রোববার ইউক্রেনীয় ড্রোন লিবিয়ার উপকূলের কাছে একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
নাইজারে সামরিক জান্তা ফরাসি ও মার্কিন সেনাদের বহিষ্কার করার পর সেখানে আফ্রিকা কর্পস মোতায়েন করে রাশিয়া। জানুয়ারিতে ইসলামিক স্টেটের যোদ্ধারা নিয়ামি বিমানবন্দরে হামলা চালানোর দুই দিন পর এক রুশ যোদ্ধা নিহত হন। এ ঘটনাটি আগে প্রকাশ্যে আসেনি।
কিদাল পুনর্দখলে রাশিয়া-মালির যৌথ অভিযান
সাম্প্রতিক মাসগুলোতে মালিতে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করেছে মস্কো। গত ৬ অক্টোবর মালির সেনাবাহিনী ও আফ্রিকা কর্পস যৌথভাবে কিদাল পুনর্দখল করে। মালির সেনাবাহিনী অভিযানটিকে আকাশ ও স্থলপথে পরিচালিত বলে উল্লেখ করেছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের (সিআইজি) এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে আফ্রিকা কর্পসের ড্রোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ড্রোনের মধ্যে ল্যানসেট আত্মঘাতী ড্রোনও রয়েছে। দেশটিতে বিমান হামলাও জোরদার করেছে রুশ বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোন হামলায় বেসামরিক লোকজনও লক্ষ্যবস্তু হয়েছেন। এতে বিদ্রোহীদের প্রতি স্থানীয় মানুষের সমর্থন বাড়তে পারে। সিআইজি বলেছে, “জোরদার বিমান অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু বিদ্রোহীদের নতুন সদস্য সংগ্রহে সহায়তা করতে পারে।”
এ অঞ্চলে কাজ করা এক পশ্চিমা কূটনীতিকের মতে, এপ্রিলের শেষ দিকে বিদ্রোহীদের হামলা মালির মানুষের কাছে রুশ বাহিনী ও জান্তার তৈরি করা রুশ সামরিক শক্তির অপ্রতিরোধ্য ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে। তিনি বলেন, “মালিতে রাশিয়ার প্রভাব এখনো যথেষ্ট। তবে তাদের সামরিক কার্যক্রম নিয়ে মানুষের ধৈর্য কমে আসছে।”
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।


















-1302e2-256x144.webp)


