রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাজ্যের মিলডেনহল বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০০তম এয়ার রিফুয়েলিং উইংয়ের একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান। ইরানের সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার খবরের মধ্যে ১০ নভেম্বর ২০২৬ ছবিটি তোলা। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের মিলডেনহল বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০০তম এয়ার রিফুয়েলিং উইংয়ের একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান। ইরানের সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার খবরের মধ্যে ১০ নভেম্বর ২০২৬ ছবিটি তোলা। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছে তাকে গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই মার্কিন সেনাসদস্যের বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় অপরাধের সন্দেহ করা হচ্ছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার মতো অপরাধ অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেন, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগ’ অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের জন্যও গুরুতর উদ্বেগের।

মার্কিন সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ থেকে বোঝা যায়, অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি বাস্তব এবং তা অব্যাহত রয়েছে।

এদিকে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, গ্লুচেস্টারের কাছে ওই সেনাসদস্যকে গ্রেপ্তারের ঘটনাটি সন্ত্রাসবাদবিরোধী পুলিশের চলমান অন্য কোনো তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।

এর এক দিন আগে, সোমবার পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী কয়েকটি বিমান সরিয়ে নেওয়া হয়। তিন মাসের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ঘটনা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের হুমকির কারণে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে কয়েকটি বোমারু বিমান সরিয়ে নেয়। এসব বিমান দিয়ে ইরানে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনার সঙ্গে ইরানের যোগসূত্র থাকার কথা জানিয়েছিল ব্রিটিশ পুলিশ। তবে যুক্তরাজ্যে হামলা বা অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad