ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির ক্ষোভ, বললেন ‘তিনি তো খুনি’

ডেস্ক, রাজনীতি ডটকম
চীনে বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (বাঁয়ে) এবং বৃহস্পতিবার বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: সংগৃহীত
চীনে বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (বাঁয়ে) এবং বৃহস্পতিবার বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘পুতিন তো একজন খুনি।’

শনিবার (২১ নভেম্বর) বিবিসির খবরে বলা হয়, সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে সম্বোধন করবেন, তা ট্রাম্পের বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু এবং খুনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৃহস্পতিবারের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে।

শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন যুদ্ধের অবসান ঘটাতে চান। ট্রাম্পের ভাষায়, ‘তারা (জেলেনস্কি ও পুতিন) দুজনই যুদ্ধের অবসান চান। আর আমার সঙ্গে দুজনেরই সম্পর্ক থাকাটা খুব ভালো বিষয়।’

রুশ প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার অবস্থানেও অনড় থাকেন ট্রাম্প। তবে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

অন্যদিকে ট্রাম্পের এমন অবস্থানের পরও পুতিনকে ‘খুনি’ হিসেবেই দেখেন বলে জানিয়েছেন জেলেনস্কি। সিএনএনকে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের বেশির ভাগ মানুষের কাছেই তিনি একজন খুনি। কারণ, তিনি প্রতিদিন, দিনরাত মানুষ হত্যা করছেন।’

পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করার অর্থ হলো, তার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত

এদিকে ইউক্রেনে শুক্রবার দিবাগত রাতভর রাশিয়ার হামলায় অন্তত দুইজন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হন। আহত হন ৫২ জন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে একজন আহত হয়েছেন।

এর কয়েক দিন আগে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পর শুক্রবার কিয়েভের সেতু ও পশ্চিমাঞ্চলের কয়েকটি রেলস্টেশনে হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হন।

এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেন জেলেনস্কি। তার ভাষ্য অনুযায়ী, হামলায় ১১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া চার শতাধিক ড্রোন দিয়েও হামলা চালানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র

এদিকে শুক্রবার ভোরে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে পোল্যান্ড।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নোভি লিপোভিয়েক এলাকার একটি গ্রামীণ স্থানে আঘাত হানে।

পোলিশ কর্তৃপক্ষ জানায়, ওই স্থান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তখন ইউরোপীয় সেনাদের একটি প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোটের ৩৬ সদস্যদেশের মধ্যে ১১টি দেশের সেনারা এতে অংশ নেন। এ ছাড়া অন্য দুটি স্থানে আরেকটি ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ওয়ারশ ঘটনাটিকে মস্কোর পক্ষ থেকে ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ‘গুরুতর লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার জবাবে সামরিক জোটটি যুদ্ধবিমান পাঠিয়েছিল। তবে আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad