মিয়ানমারের আরও ৬৮০৩ নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার মালয়েশিয়ার সংসদে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: মালয় মেইল
মঙ্গলবার মালয়েশিয়ার সংসদে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: মালয় মেইল

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মুখে পড়ার পরও দেশটির আরও ছয় হাজার ৮০৩ নাগরিককে আগামী মাসে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে মালয়েশিয়া সম্মান করে। তবে শরণার্থীদের প্রত্যাবাসনের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে দেশটির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাষ্য, তৃতীয় কোনো দেশে শরণার্থীদের পুনর্বাসনের চেষ্টা সফল হয়নি। প্রায় দুই লাখ মিয়ানমারের শরণার্থীর দায়িত্ব মালয়েশিয়ার পক্ষে অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয়।

প্রত্যাবাসনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে করে এক হাজার ৫০০ জনকে দেশে পাঠানো হবে। বাকি পাঁচ হাজার ৩০৩ জনকে ডিসেম্বর জুড়ে আকাশপথে ফেরত পাঠানো হবে। আনোয়ার জানিয়েছেন, এ প্রত্যাবাসনের সব খরচ বহন করবে মিয়ানমার সরকার।

এ বছর এরই মধ্যে ১০ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে পার্লামেন্টে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের মধ্যে এক হাজার ৪৭৬ জনকে গত ২৯ সেপ্টেম্বর মিয়ানমারের একটি নৌবাহিনীর জাহাজে করে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

প্রত্যাবাসিত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরার নিশ্চয়তা পেয়েছে জানিয়ে আনোয়ার ইব্রাহিম। বলেন, ‘এ পর্যন্ত মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ১০ হাজার ৪৭৬ জনের কারও ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।’

মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত এমন একসময়ে এলো, যখন গত সপ্তাহে আইসিজে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে রায় দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে। ওই অভিযানে ব্যাপক ধর্ষণ, হত্যাকাণ্ড এবং হাজার হাজার বাড়িঘর ধ্বংসের ঘটনাও উঠে এসেছে। মিয়ানমার সরকার অবশ্য রায়কে অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছে।

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে রোহিঙ্গাদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও রয়েছেন। ২০১৭ সালের সামরিক দমন-পীড়নের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা দেশটি ছেড়ে পালিয়ে যায়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, প্রত্যাবাসনের উদ্যোগের পাশাপাশি মিয়ানমারে সহিংসতা বন্ধে আসিয়ানের শান্তি পরিকল্পনার প্রতিও মালয়েশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। ১১ সদস্যের আঞ্চলিক জোটটি মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর চাপ বজায় রেখেছে। শান্তি উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতি না থাকায় দেশটির শীর্ষ নেতাদের বড় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগও সীমিত করেছে আসিয়ান।

সূত্র: এপি, ওয়াশিংটন পোস্ট

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad