হরমুজে আরও ৩ ট্যাংকারে আগুন, যুক্তরাষ্ট্রের অবরোধে পালটা হুঁশিয়ারি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
সরু জলপথ হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ছবি: হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলের মানচিত্র
সরু জলপথ হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ছবি: হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলের মানচিত্র

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আকাশপথে পাহারা থাকা সত্ত্বেও জাহাজগুলোকে রক্ষা করা যায়নি বলে দাবি করেছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জব্দ করা সম্পদ ফেরত দেওয়াসহ সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা দিয়েছে ইরান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের পর আগুন ধরে যায়। জাহাজগুলোর একটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি পূর্ব অংশে বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে।

ট্যাংকারগুলোর নাম, মালিকানা, পতাকাবাহী দেশ, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি আইআরজিসি। ইরানের দাবি, জাহাজগুলো অনুমোদনহীন পথে চলাচল করছিল। এ ধরনের পথ ব্যবহার না করতে জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে দেশটির বিপ্লবী গার্ড। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক আকাশ-সহায়তাও জাহাজগুলোকে রক্ষা করতে পারেনি।

একই দিনে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে তেহরানের সাতটি শর্ত পূরণ করতে হবে। তবে শর্তগুলোর পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ সময় তিনটি শর্তের উল্লেখ করা হয়েছে। এগুলো হলো— দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া।

এর আগে নভেম্বরের শুরুতেও ইরান সাতটি শর্তের কথা জানিয়েছিল। তখনকার প্রতিবেদন অনুযায়ী, শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের নিশ্চয়তা, ইরানি তেল রপ্তানির ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দেশের ভেতরে পারমাণবিক উপাদান রাখার সুযোগ এবং যুদ্ধ বন্ধের দাবিও ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে আলাদা বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রুবিও আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যস্থতার বিষয়ে কাতারের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার কথা বলেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে চাপ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের পালটা অবস্থানের কারণে নতুন করে সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স, এপি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad