ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে দাবি

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত চার লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এমন হিসাব পেয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে বিশ্লেষকদের ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে।
বেলারুশের বিরোধী দলঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকিং সংগঠন সাইলেন্ট ক্রো রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্যভাণ্ডারে প্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করে। এতে এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ রয়েছে। প্রতিটি নথিতে মৃত ব্যক্তির বয়স, বসবাসের এলাকা এবং মৃত্যুর স্থানসহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। পরে তথ্যগুলো দ্য গার্ডিয়ান ও কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়।
তথ্যভাণ্ডার বিশ্লেষণে দেখা গেছে, চার লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। এসব ক্ষেত্রে সরকারি মৃত্যুর কারণ হিসেবে যুদ্ধ বা সামরিক অভিযানের উল্লেখ রয়েছে। হ্যাকার গোষ্ঠী দুটি ১ নভেম্বর তথ্যভাণ্ডার হ্যাক করার ঘোষণা দেয় এবং সপ্তাহান্তে তথ্য প্রকাশ করে। রসস্ট্যাট হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার কথা অস্বীকার করেছে।
রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করে আসছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে নিহত সেনাদের কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি মস্কো। সামরিক হতাহতের তথ্য দেশটিতে রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়।
দ্য গার্ডিয়ান পুরো তথ্যভাণ্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে এতে পাওয়া সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক হিসাবে রাশিয়ার নিহত সেনার সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে অনুমান করা হয়েছিল।
অন্যদিকে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে নামসহ প্রায় দুই লাখ ৮৬ হাজার নিহত সেনাকে শনাক্ত করেছে। তাদের ধারণা, প্রকৃত সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং এতে রুশ সেনাদের হতাহতের বিষয়ে নজিরবিহীন বিস্তারিত চিত্র পাওয়া গেছে। তবে নিখোঁজ ও শনাক্ত না হওয়া সেনাদের তথ্য না থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। মৃত্যুর ঘটনা সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতেও প্রায় ছয় মাস সময় লাগে।
তথ্য বিশ্লেষণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের অসম প্রভাবও উঠে এসেছে। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে ২০২২ সাল থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ ছিল যুদ্ধসংশ্লিষ্ট। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এ হার প্রায় ১০ শতাংশ।
২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালে রুশ সেনাদের মৃত্যুর হার আরও বেড়েছিল। কয়েক মাসে মাসিক নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়, অর্থাৎ প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি।
এদিকে যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের জ্যেষ্ঠ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ৯ মাসের মধ্যে এটিই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথম শান্তি আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও এতে অংশ নিতে পারেন।
আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন ও মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উইটকফ। তবে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাসের ভূখণ্ড ছাড়ার বিষয়ে মস্কোর দাবি আলোচনায় বড় বাধা হয়ে রয়েছে।














-153a25.jpg)

