ইরানে ব্যবসা-কোম্পানির তথ্য চুরি, মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হুয়াওয়ে
-1302e2-480x270.webp)
ইরানে ব্যবসা পরিচালনার তথ্য নিয়ে ব্যাংকগুলোকে বিভ্রান্ত করা এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে চীনা টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি আদালতের জুরি। মঙ্গলবার দেওয়া রায়ে প্রতিষ্ঠানটিকে ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ১০টিতে দোষী সাব্যস্ত করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়, ২০১৮ সালে শুরু হওয়া এই মামলায় হুয়াওয়ের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, ইলেকট্রনিক মাধ্যমে প্রতারণা, নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। তবে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং র্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগ থেকে প্রতিষ্ঠানটিকে খালাস দিয়েছেন জুরিরা। র্যাকেটিয়ারিংয়ের অভিযোগে বলা হয়েছিল, হুয়াওয়ে একটি অপরাধী চক্রের মতো প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে।
দুই মাসের বেশি সময় ধরে চলা বিচারপ্রক্রিয়ায় প্রসিকিউশন ৬০ জনের বেশি সাক্ষী হাজির করে। অন্যদিকে হুয়াওয়ের পক্ষে সাক্ষ্য দেন ১৫ জন। আগামী ২০২৭ সালের ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান ডনেলি প্রতিষ্ঠানটির সাজা ঘোষণা করবেন। কী ধরনের শাস্তি বা জরিমানা হতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মামলার সময় ২০১২ ও ২০১৩ সালে রয়টার্সের প্রকাশিত কয়েকটি প্রতিবেদনেও হুয়াওয়ের ইরানে ব্যবসা পরিচালনার বিষয়টি উঠে আসে। গত সপ্তাহে সমাপনী বক্তব্যে প্রসিকিউটর মেরেডিথ আরফা জুরিদের বলেন, ‘গণমাধ্যম হুয়াওয়ের ইরান কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার পর প্রতিষ্ঠানটির ব্যাংকগুলোও প্রশ্ন তুলতে শুরু করে।’
হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলিগ বলেন, রায়ে প্রতিষ্ঠানটি হতাশ। তবে র্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পাওয়াকে তিনি হুয়াওয়ের ‘সৎভাবে আইন মেনে চলার সংস্কৃতির’ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অবশ্যই আপিল করব।’
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জোসেফ নোসেলা এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা, দেশটির বাণিজ্যব্যবস্থার অখণ্ডতা লঙ্ঘন এবং মার্কিন আইন প্রয়োগে বাধা দেওয়ার মতো অপরাধ খুব কমই আছে।’
হুয়াওয়ের কত জরিমানা হতে পারে, সে বিষয়ে হেবারলিগ বলেন, এখনই মন্তব্য করা আগেভাগে হয়ে যাবে। তবে র্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পাওয়ার বিষয়টি জরিমানার পরিমাণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশেষজ্ঞদের মতে, এই মামলার কারণে হুয়াওয়ের ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। বরং প্রতিষ্ঠানটি ব্যবসায় বৈচিত্র্য এনেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাতার মেয়েকে আটক
২০১৮ সালের ডিসেম্বরে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের পরোয়ানায় কানাডায় আটক করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক সংকট তৈরি হয়।
মেংয়ের বিরুদ্ধে গোপনে অভিযোগ আনা হয়েছিল, তিনি হুয়াওয়ের ইরানে ব্যবসা পরিচালনা নিয়ে এইচএসবিসির এক ব্যাংকারকে বিভ্রান্ত করেছিলেন। এর মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানে ডলার পাঠানো ও সেখান থেকে ডলার আনার সুযোগ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ছিল।
প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা করেন মেং। পরে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থগিত বিচার চুক্তিতে সম্মত হয়ে চীনে ফিরে যান। দেশে ফেরার পর তাকে নায়কোচিত সংবর্ধনা দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়।
বর্তমান বিচারপ্রক্রিয়ায় মেং সাক্ষ্য দেননি। তবে ২০১৩ সালে তার সঙ্গে বৈঠক করা এইচএসবিসির এক ব্যাংকার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০১৮ সালের অভিযোগপত্রে বলা হয়েছিল, ইরানে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিএনপি পারিবাসকে বিভ্রান্ত করেছিল প্রতিষ্ঠানটি। ২০২০ সালে প্রসিকিউটররা নতুন অভিযোগ যোগ করেন। এর মধ্যে ছিল প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগ।
যেসব তথ্য চুরির অভিযোগ
বিচার চলাকালে প্রসিকিউটররা দাবি করেন, হুয়াওয়ে নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা সিসকোর রাউটারের সোর্স কোড চুরি করেছিল। এ ছাড়া ওয়্যারলেস টেলিযোগাযোগ কোম্পানি কুইন্টেলের অ্যান্টেনা প্রযুক্তি চুরি এবং সেমিকন্ডাক্টর কোম্পানি সিএনইএক্সের তৈরি একটি সার্কিট বোর্ডের তথ্য পেতে একজন অধ্যাপককে নিয়োগের অভিযোগও আনা হয়।
আদালতে প্রসিকিউটররা একটি ভিডিও দেখান। এতে হুয়াওয়ের এক কর্মীকে টি-মোবাইলের পরীক্ষামূলক একটি রোবটের অংশ ব্যাগে ঢোকাতে দেখা যায় বলে জানানো হয়। এ ছাড়া একটি বাণিজ্য মেলায় হুয়াওয়ের এক প্রকৌশলী ফুজিৎসুর স্টলে ঢুকে একটি যন্ত্রের ছবি তুলেছিলেন বলেও আদালতে বলা হয়।
মেংয়ের সঙ্গে করা স্থগিত বিচার চুক্তির সঙ্গে যুক্ত একটি বিবৃতিও জুরিদের দেখানো হয়। সেখানে মেং স্বীকার করেছিলেন যে হুয়াওয়ে ইরানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেছিল।
তবে হুয়াওয়ের আইনজীবীরা দাবি করেন, এইচএসবিসি ও অন্য ব্যাংকগুলো ইরানে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে জানত এবং প্রতিষ্ঠানটির ব্যবসা পাওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল।
সমাপনী বক্তব্যে হেবারলিগ প্রসিকিউটরদের বিরুদ্ধে ২০ বছর ধরে চলা ষড়যন্ত্রের অভিযোগ প্রতিষ্ঠা করতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বেছে বেছে উপস্থাপনের অভিযোগ করেন। তার দাবি, ‘পরিশ্রম, উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের’ মাধ্যমে হুয়াওয়ে সফল হয়েছে।
উল্লেখ্য, হুয়াওয়ের কর্মীসংখ্যা দুই লাখের বেশি। বিশ্বের প্রায় ১৭০টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

















