চীনের রকেটে চড়ে প্রথমবার মহাকাশে পাকিস্তানের নভোচারী

বিবিসি বাংলা
মহাকাশে নিজের প্রভাব বাড়াতে চায় চীন
মহাকাশে নিজের প্রভাব বাড়াতে চায় চীন

চীন মহাকাশে তাদের শেনঝৌ-২৪ অভিযান শুরু করেছে। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপিত কেন্দ্র থেকে তিনজন নভোচারীর একটি দল দেশটির তিয়াংগং মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা হন।

প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে তারা চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছান।

চীনের এই অভিযানের মাধ্যমে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে মহাকাশে গেলেন মুহাম্মদ জিশান আলী। তার সঙ্গে রয়েছেন দুই চীনা নভোচারী তাঙ হঙবো এবং উ ই।

অভিযান শুরুর আগে পাকিস্তান বিমান বাহিনীর সাবেক পাইলট মি. আলী এক সংবাদ সম্মেলনে বলেন, চীনা নভোচারীর দলে জায়গা পেয়ে তিনি গর্বিত। পাকিস্তানের ২৫ কোটি মানুষের প্রত্যাশাকে সঙ্গে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

বেইজিং ও ইসলামাবাদের মধ্যে ২০২৫ সালে যে মহাকাশ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটির অংশ হিসেবেই মি. আলীকে মহাকাশ মিশনের অংশ করেছে চীন। তাকে নেওয়া হয়েছে পেলোড বিশেষজ্ঞ হিসেবে।

পাকিস্তানের জন্য এটি একটি 'ঐতিহাসিক' বলে মন্তব্য করেছেন দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। এই মহাকাশ অভিযানে বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার 'মহান বন্ধুত্ব' আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মহাকাশে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে চীন। দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এর আগে, ২০২৪ সালে দূরবর্তী পৃষ্ঠে মনুষ্যবিহীন একটি মহাকাশযান পাঠিয়েছিল চীন।

নভোচারীরা কী কাজ করবেন?

শেনঝৌ ২৪ অভিযানের অংশ হিসেবে যে তিনজন নভোচারীকে তারা মহাকাশে পাঠিয়েছে, তারা বেশকিছু দিন শূন্যে অবস্থান করবেন।

মহাকাশে থাকাকালে ওই নভোচারীরা সেখানকার পরিবেশ, জীব বিজ্ঞান, মহাকাশ চিকিৎসাসহ আরও বেশকিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা যাচ্ছে।

চিকিৎসার ক্ষেত্রে মহাকাশ কীভাবে রোগ প্রতিরোধ ও চিকিৎসা কৌশল উদ্ভাবনে সহায়তা করতে পারে, সেটি নিয়ে বেশ আগে থেকেই গবেষণা করছে চীন।

এবারের অভিযানে মহাকাশের পরিবেশ কীভাবে মানুষের রক্তনালীর বার্ধক্যের মতো প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করে, তা খতিয়ে দেখা হবে।

বিশেষ করে, পাকিস্তানি নভোচারী মি. আলী ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এবং কিনোয়া বীজের উপর মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করবেন বলে জানানো হয়েছে।

প্রায় এক সপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষে তিনি পৃথিবীতে ফিরে আসবেন।

তবে চীনা দুই নভোচারী তাঙ এবং উ তিয়াংগং মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটাবেন। তাদের সঙ্গে থাকবেন ঝু ইয়াংঝু, যিনি শেনঝৌ-২৩ অভিযানের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন।

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর সময় মানবদেহ কীভাবে সেখানে খাপ খাইয়ে নেয়, সেটি নিয়ে গবেষণা করছেন ঝু।

মিশনটি কেন গুরুত্বপূর্ণ?

বর্তমানে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন রয়েছে কেবল দু'টি।

এর একটি হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন 'আন্তর্জাতিক মহাকাশ স্টেশন' (আইএসএস)। সেখানে রাশিয়া, জাপান, কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশ যুক্ত রয়েছে।

অন্যটি হলো, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন 'তিয়াংগং', যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে যাওয়ার কথা রয়েছে। ফলে মহাকাশ বিজ্ঞানে চীনের একক প্রভাব বাড়ছে।

মার্কিন নেতৃত্বাধীন মহাকাশ কর্মসূচির বিকল্প হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বেইজিং।

চীনের মহাকাশ অভিযানে পাকিস্তানের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, দেশটির নিজস্ব কোনো মহাকাশযান নেই। তাই এই গবেষণার জন্য দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। এখন পর্যন্ত ৫০টি দেশের নাগরিক মহাকাশে গেছেন।

তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াই একমাত্র নিজেদের তৈরি মহাকাশযান ব্যবহার করে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের যেহেতু মহাকাশে মানুষ পাঠানোর জন্য নিজস্ব মহাকাশযান নেই, তাই দেশটি এই অভিযানের সব গুরুত্বপূর্ণ পর্যায়ে চীনের ওপর নির্ভর করছে।

শেনঝৌ-২৪ ক্রু নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো অপর প্রার্থী আলী এবং খুররাম দাউদ চীনে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চীনা মহাকাশ স্টেশনগুলোতে কাজ করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত আলীকে দলে রেখেছে চীন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad