‘বিয়ে করুন, বেশি সন্তান নিন’— ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির মন্তব্যে বিতর্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত
ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

বিয়ে, পরিবার গঠন ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির একটি পরিসংখ্যান সামনে এনে আমেরিকানদের বেশি সন্তান নেওয়ার ও গির্জামুখী হওয়ার আহ্বান জানান তিনি। তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে পালটাপালটি আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই পোস্টে ক্যারোলিন লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টের সঙ্গে তিনি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন। ওই প্রতিবেদনে একটি গবেষণার বরাত দিয়ে উল্লেখ করা হয়েছিল, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

মূলত ঐতিহ্যবাহী পরিবার ব্যবস্থা, ধর্মীয় অনুশাসন এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করতেই লেভিট এই বার্তা দেন। তিনি মানুষকে পরিবার গঠনে উৎসাহিত করার পাশাপাশি সন্তানদের গির্জাভিত্তিক ধর্মীয় পরিবেশে বড় করা এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার আহ্বান জানান।

তবে তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একদল ব্যবহারকারী পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি তার এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। বিপরীতে, অনেকেই সমালোচনা করে প্রশ্ন তুলেছেন—জনপরিচিত ব্যক্তিদের এভাবে সাধারণ মানুষকে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় বিশ্বাস অনুসরণের নির্দেশনা দেওয়া কতটা সমীচীন।

সমালোচকদের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশু লালন-পালনের খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের পক্ষেই একাধিক সন্তান নেওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি, শিশুরা বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস নিজেরাই বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত বলেও মত দিয়েছেন অনেকে।

লেভিটের পোস্টের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান হলো পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে এসব দেশ নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

অর্থনৈতিক ও সামাজিক নীতির অসংগতি তুলে ধরে আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার), ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেন। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’

সরাসরি লেভিটকে উদ্দেশ করে আরেক ব্যবহারকারী আক্ষেপের সুরে মন্তব্য করেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad