এসসিও বৈঠকে দিল্লিতে পাকিস্তানি মন্ত্রী, অনুমতি পাননি নিজামুদ্দিন দরগায় যাওয়ার

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি পাননি পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। তবে নিরাপত্তা যাচাইয়ের পর আগ্রার তাজমহল, দিল্লির হুমায়ুনের সমাধিসহ আরও দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখার অনুমতি পেয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আবেদন নাকচ করা হয়েছে। এর আগে মুসাদিক মালিককে এসসিও ফোরামের উদ্বোধনী আয়োজনের বাইরে অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে খবর প্রকাশিত হয়েছিল।
২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ২০ নভেম্বর দিল্লিতে পৌঁছান মুসাদিক মালিক।
ফোরামে দেওয়া বক্তব্যে এসসিওতে পাকিস্তানের ভূমিকা এবং দেশটির বৈচিত্র্যময় সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার কথা রয়েছে তার। পাকিস্তানের প্রতিনিধি দলটি ফোরামের বিভিন্ন আলোচনাসভায় অংশ নেওয়ার পাশাপাশি এসসিওর অন্য সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ফাঁকে মতবিনিময় করবে।
২০২৩ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এবারই প্রথম কোনো পাকিস্তানি ফেডারেল মন্ত্রী ভারত সফর করছেন। ২০২৫ সালের মে মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’র পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
ভারত গত ২৮ অক্টোবর জানায়, প্রচলিত নিয়ম অনুসারে পাকিস্তানসহ এসসিওর সব সদস্যদেশকে ফোরামে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
মালিকের সফর নিয়ে ভারতের বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। পেহেলগামে হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানে কী পরিবর্তন এসেছে, তা জানতে চেয়েছেন বিরোধী নেতারা। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে মুসাদিকের আগের মন্তব্যও তুলে ধরেছেন তারা।
এক অনুষ্ঠানে পাকিস্তানের জলবায়ুমন্ত্রী বলেছিলেন, “পাকিস্তানের পানিসম্পদে কেউ হাত দিলে তার হাত কেটে দেওয়া হবে।” ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি ওই মন্তব্য করেছিলেন।
২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে এসসিও গঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংগঠনটির পূর্ণ সদস্য হয়। ২০২৩ সালে ইরানও এতে যোগ দেয়।
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর পর গত মাসে পরবর্তী রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশ নিতে ভারতের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিও ইসলামাবাদ সফর করেন।
বর্তমানে ২০২৬-২৭ মেয়াদে এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের সভাপতিত্ব করছে পাকিস্তান। এই দায়িত্বের অংশ হিসেবে আগামী বছরের সম্মেলনের আগে দেশটি কয়েকটি মন্ত্রী পর্যায়ের বৈঠক, বিশেষজ্ঞ দলের আলোচনা ও অন্যান্য আয়োজন করবে।














