রোহিঙ্গা গণহত্যার রায়ে সতর্ক যুক্তরাষ্ট্র-চীনের আপত্তি, সমর্থন ইইউ-যুক্তরাজ্যের

ডেস্ক, রাজনীতি ডটকম
মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসার পর বাংলাদেশে এখনো কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। ফাইল ছবি: সংগৃহীত
মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসার পর বাংলাদেশে এখনো কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। ফাইল ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তবে এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আদালতের এখতিয়ার ও বিচারিক ব্যাখ্যার পরিধি নিয়ে প্রশ্ন তুলেছে চীন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ রায় ঘিরে বৈশ্বিক রাজনীতিতে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে দেশগুলোর মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে।

আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হলো। ফলে রোহিঙ্গা গণহত্যার এ রায় ভবিষ্যতে একই ধরনের অভিযোগে আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার প্রেক্ষাপটে রায়টির তাৎপর্য আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ রায়ের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ওয়াশিংটন আদালতের রায় পর্যালোচনা করছে। আইসিজের কার্যক্রমকে ‘রাজনৈতিকীকরণ’ না করার প্রয়োজনীয়তার কথা বলেছে দেশটি। তবে রোহিঙ্গা মুসলিমসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক মানবিক সহায়তাদাতা বলেও উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এর আগে একাধিকবার কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কার্যক্রম দুর্বল বা বন্ধ করার উদ্যোগও নিয়েছে তারা। তবে এখন পর্যন্ত আইসিজের বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেনি ওয়াশিংটন।

অন্যদিকে চীন রায় নিয়ে আপত্তি জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আদালতের এখতিয়ার অতিরিক্ত বিস্তৃত করা বা আইনের ব্যাখ্যা সম্প্রসারণের মতো বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এ ধরনের চর্চা বিরোধ নিষ্পত্তিতে সহায়ক নয়। বরং বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকারের প্রতি বিরল আন্তর্জাতিক সমর্থন দিয়ে আসছে বেইজিং।

ইউরোপীয় ইউনিয়ন রায়টিকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বলেছে, মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আইসিজের সিদ্ধান্ত মানা ঐচ্ছিক নয়, আন্তর্জাতিক আইনের অধীনে এটি বাধ্যবাধকতা। ইইউ আরও বলেছে, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় আইসিজের ভূমিকার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

যুক্তরাজ্যও আদালতের রায়ের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রায়ের পর দেশটি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে। অস্ট্রেলিয়াও মিয়ানমারকে আন্তর্জাতিক আইন অনুযায়ী রায়টি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত এবং ভয়াবহ অপরাধের দায়মুক্তি চলতে পারে না— এই নীতির পুনর্প্রতিষ্ঠা। তার মতে, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

তবে মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে রায় প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে শুক্রবার নেপিদোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ছিলেন। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয় এবং রায়টি ন্যায্য হয়নি।

মিয়ানমারের সামরিক শাসকেরা আগে থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, ২০১৭ সালের অভিযান ছিল রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান।

তবে আইসিজের বিচারকেরা মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেননি। ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অভিযান’ শুরুর পর ব্যাপক হত্যা, ধর্ষণ ও বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটে। আদালত গণহত্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় থাকার বিষয়টি বিবেচনা করেছেন।

মিয়ানমারের সামরিক বাহিনীর তৎকালীন প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে আইসিজে ও আইসিসির কাজের মধ্যে পার্থক্য রয়েছে। আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে, আর আইসিসি ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে।

আইসিজের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী বাহিনী নেই। তবে আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর কূটনৈতিক গুরুত্ব রয়েছে। রায়কে কেন্দ্র করে নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক চাপ তৈরির সুযোগও তৈরি হতে পারে।

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাটিও আইসিজেতে বিচারাধীন। ইসরায়েল অভিযোগ অস্বীকার করে আসছে। ২০২৪ সালে অন্তর্বর্তী আদেশে আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা সনদের আওতাভুক্ত কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলেন। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও কয়েক বছর লাগতে পারে। ইউক্রেনের করা রাশিয়াবিরোধী মামলাও আদালতে বিচারাধীন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad