যুব কংগ্রেসের ২ নেতার অ্যাকাউন্ট স্থগিত, হায়দরাবাদে মেটা কার্যালয়ে ভাঙচুর
-9d1a51.jpg)
সামাজিক যোগাযোগমাধ্যমে যুব কংগ্রেসের দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে ভারতের হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। শুক্রবার সংগঠনটির বিক্ষোভ চলাকালে কার্যালয় প্রাঙ্গণে থাকা ফুলের টব ছুড়ে ফেলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে এ বিক্ষোভ হয়। এতে ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) কর্মীরাও অংশ নেন। এ সময় মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছিল মেটা। এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে বিধিনিষেধ আরোপ করা কয়েকটি পোস্ট পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে ছোটাছুটি করছেন। কয়েকজনকে ফুলের টব ভাঙতেও দেখা যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটাকে ‘মেরুদণ্ড শক্ত করার’ আহ্বান জানিয়েছে ভারতীয় যুব কংগ্রেস। বিধিনিষেধ আরোপ করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো পুনর্বহালের জন্য সাত দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে ‘আদালতে, রাজপথে এবং কার্যালয়ে’ও আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে তারা।
মুম্বাইয়েও যুব কংগ্রেসের বিক্ষোভ
একই সময়ে মুম্বাইয়ের বিকেসি এলাকায় মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন যুব কংগ্রেসের কর্মীরা। সংগঠনের দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে ওয়ার্ল্ড ওয়ান এলাকায় এ বিক্ষোভ হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পোড়ান বিক্ষোভকারীরা। ভারতের তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচকদের কণ্ঠরোধ করতেই মেটা এ পদক্ষেপ নিয়েছে। উদয় ভানু চিব ও মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা বলেও দাবি করেন তারা।
মেটার ভূমিকা নিয়ে প্রশ্ন অখিলেশ যাদবের
অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের ঘটনায় মেটার সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বিদেশি কোম্পানিগুলোর উচিত আমাদের দেশে ব্যবসা করা, রাজনীতি নয়। সবাইকে সমান চোখে দেখাই একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।”
অখিলেশ আরও লেখেন, “অযথা চাপ সৃষ্টি করে বিদেশি কোম্পানিগুলোর ব্যবসাকে রাজনীতিকরণ করাও উচিত নয় সরকারের।”
কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি ও বিআরএস
হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সমালোচনা করেছে বিজেপি। দলটি কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ বলে আখ্যা দিয়েছে।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, “ভারতীয় যুব কংগ্রেসের গুন্ডারা হায়দরাবাদে মেটার কার্যালয় শুধু ভাঙচুর ও তছনছই করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বড়াইও করছে। মনে করে দেখুন, বিশ্ব এআই সম্মেলনে নগ্ন হয়ে ঢুকে পড়ে তারা কীভাবে ভারতকে অপমান করেছিল।”
তিনি আরও বলেন, “রাহুল গান্ধীর দল কংগ্রেস একটি গুন্ডাদের দল। বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানোই কংগ্রেসের মডেল।”
অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাও কংগ্রেস কর্মীদের ‘গুন্ডা’ বলে আখ্যা দিয়েছেন। ‘গুন্ডামিই’ ভারতে বিদেশি কোম্পানি আনার উপায় কি না, রাহুল গান্ধীর কাছে সেই প্রশ্নও রাখেন তিনি।
রামা রাও বলেন, “ব্র্যান্ড হায়দরাবাদ দেশের লাখ লাখ পরিবারের অন্ন জোগায়। বহু ব্যবসাবান্ধব নীতির মাধ্যমে কয়েক দশক ধরে এটি তিল তিল করে গড়ে তোলা হয়েছে।”
তিনি বলেন, “কংগ্রেসের গুন্ডারা ভেবেছে হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুর করা খুব বাহাদুরির কাজ। নির্বোধেরা এখন তা নিয়ে গর্বও করছে।”













