চীনা এআই ব্যবহারের তথ্য প্রকাশে মার্কিন কোম্পানিকে বাধ্য করার উদ্যোগ ট্রাম্পের

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহার করলে তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে মার্কিন কোম্পানিগুলোকে বাধ্য করার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চীনা প্রযুক্তির ওপর মার্কিন প্রতিষ্ঠানগুলোর নির্ভরতা নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এতে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, যেন শিল্প খাত বা বেইজিংয়ের সঙ্গে নতুন করে বিরোধ তৈরি না হয়।
বিষয়টি নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় এবং হোয়াইট হাউজের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিবিষয়ক দপ্তর (ওএসটিপি) আলোচনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট তিন ব্যক্তি। প্রস্তাবটি কার্যকর হলে এয়ারবিএনবির মতো কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইটে জানাতে হবে, তারা চীনা এআই মডেল ব্যবহার করছে কি না। তবে উদ্যোগটি প্রশাসনের ভেতরে কতটা সমর্থন পেয়েছে কিংবা আনুষ্ঠানিক নীতিমালা হিসেবে এগোবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শক্তিশালী ওপেন-ওয়েট এআই মডেলের বিস্তার ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে এ উদ্যোগ। ওপেন-ওয়েট মডেলের মূল উপাদানগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। ফলে ব্যবহারকারীরা সেগুলো ডাউনলোড করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও ব্যবহার করতে পারেন। প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, এসব মডেলের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো ধীরে ধীরে চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।
প্রস্তাবটি মূলত চীনা এআই ব্যবহারের তথ্য প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ওপর জনমত ও ব্যবসায়িক চাপ তৈরির কৌশল। অর্থাৎ সরাসরি নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞার পরিবর্তে ‘নেম অ্যান্ড শেম’ পদ্ধতিতে চীনা প্রযুক্তির ব্যবহার নিরুৎসাহিত করতে চাইছে প্রশাসন। এভাবে এআই খাতে অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের বিরোধিতা করার অবস্থানও বজায় রাখতে চাইছে হোয়াইট হাউজ।
এয়ারবিএনবি চীনের আলিবাবার তৈরি কিউয়েন এআই মডেল ব্যবহার করে তাদের গ্রাহকসেবার স্বয়ংক্রিয় ব্যবস্থা পরিচালনা করে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এআই কার্যক্রমের সিংহ ভাগই যুক্তরাষ্ট্রের তৈরি মডেলের ওপর নির্ভরশীল। সীমিতসংখ্যক চীনা মডেল ব্যবহার করা হলেও সেগুলো ওপেন সোর্স এবং অনুমোদিত মার্কিন সেবা প্রদানকারীদের মাধ্যমে পরিচালিত হয়। ফলে তথ্য ও কার্যক্রম আলাদা এবং সুরক্ষিত থাকে বলে দাবি করেছে কোম্পানিটি।
হোয়াইট হাউজ, মার্কিন অর্থ মন্ত্রণালয় ও আলিবাবা এ বিষয়ে মন্তব্য করেনি। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস বলেছে, বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুকে রাজনীতিকরণ করলে বৈশ্বিক এআই অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং এতে কারও স্বার্থ রক্ষা হবে না। চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং দৃঢ় থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।
চীনা এআই নিয়ে উদ্বেগ ও কংগ্রেসের তদন্ত
মার্কিন কোম্পানিগুলোর মধ্যে চীনা ওপেন-ওয়েট মডেলের জনপ্রিয়তা বাড়ছে। কারণ, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানের মালিকানাধীন এআই মডেলের তুলনায় চীনা মডেলগুলো সস্তা এবং অনেক কাজেই যথেষ্ট কার্যকর। কিমি, ডিপসিক ও কিউয়েনের মতো মডেল তাই মার্কিন কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে চীনবিরোধী মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, এসব মডেলের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল করে তুলতে পারে বেইজিং।
চীনা এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে মেধাস্বত্ব চুরির অভিযোগও রয়েছে। গত জুলাইয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, মার্কিন এআই মডেলের প্রযুক্তি নকল করতে ‘ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করে মেধাস্বত্ব চুরির অভিযোগ প্রমাণিত হলে চীনা এআই কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। ডিস্টিলেশন হলো বড় এআই মডেলের তৈরি ফলাফল ব্যবহার করে ছোট মডেলকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া, যার মাধ্যমে কম খরচে শক্তিশালী এআই তৈরি করা যায়।
এর আগে এপ্রিলে হোয়াইট হাউজের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিবিষয়ক দপ্তরের পরিচালক মাইকেল ক্র্যাটসিওস অভিযোগ করেছিলেন, চীন শিল্পপর্যায়ে মার্কিন এআই গবেষণাগারগুলোর মেধাস্বত্ব চুরি করছে। এরপর এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বিদেশি সরকারগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে উদ্যোগ নেওয়া হয়।
এ নিয়ে মার্কিন কংগ্রেসেও তদন্ত চলছে। চলতি বছর প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু গারবারিনো এবং চীনবিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান জন মুলেনার মার্কিন কোম্পানিগুলোর চীনা এআই ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেন। তারা এয়ারবিএনবি ছাড়াও এআই কোডিং টুল কারসরের নির্মাতা অ্যানিস্ফিয়ারের কাছে চিঠি পাঠান।
কারসরের কম্পোজার-২ মডেল কিমির একটি সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি। একই বিষয়ে ডোরড্যাশকেও চিঠি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাদের অভ্যন্তরীণ ব্যবস্থার কিছু কাজ কিমি মডেলের মাধ্যমে সম্পন্ন হয়।
তদন্তে যুক্তরাষ্ট্রের মহাকাশ ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের নামও এসেছে। প্রতিষ্ঠানটি অ্যানিস্ফিয়ার কিনেছে। তবে মুনশট এআই, ডোরড্যাশ ও স্পেসএক্স এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রস্তাবিত তথ্য প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুলেনার। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চীনা ওপেন-ওয়েট মডেলের বিস্তারের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তথ্য প্রকাশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন কোম্পানিগুলো নিজেদের অবকাঠামোয় চীনা মডেল পরিচালনা করলেও ঝুঁকি থেকে যায়।
এদিকে এআই ব্যবহারের পরিসংখ্যানেও চীনা মডেলের আধিপত্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এআই মডেলের ব্যবহার পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ওপেনরাউটারের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে টোকেন ব্যবহারের হিসাবে সবচেয়ে জনপ্রিয় তিনটি মডেলই ছিল চীনের তৈরি। টোকেন হলো এআই মডেলের প্রক্রিয়াকরণ করা তথ্যের একক।
শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, মার্কিন সরকারও চীনা এআই ব্যবহার করেছে। গত সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের একটি সরকারি ওয়েবসাইটে প্রস্তাবিত কেন্দ্রীয় সরকারি বিধিমালা খোঁজার সুবিধা দিতে আলিবাবার তৈরি একটি এআই মডেল ব্যবহার করা হয়েছিল। অথচ এর আগেই এফবিআই মডেলটির নির্মাতার বিরুদ্ধে অ্যানথ্রপিকের প্রযুক্তি নকলের অভিযোগ তুলেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ওপেন-ওয়েট এআই মডেলের মধ্যে রয়েছে মেটার মিউজ গ্লিমার, এনভিডিয়ার নেমোট্রন এবং রিফ্লেকশন এআইয়ের বিম।
















