যুক্তরাষ্ট্রে অবকাঠামো ও জ্বালানি প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিনেটে বিল পাস

যুক্তরাষ্ট্রে জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, আবাসনসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পের অনুমোদনপ্রক্রিয়া দ্রুত করতে একটি দ্বিদলীয় বিল পাস করেছে সিনেট। গতকাল বৃহস্পতিবার ৬২-৩৩ ভোটে পাস হওয়া ‘বাইপার্টিজান আমেরিকান অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড জবস অ্যাক্ট’ এখন অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে। বিলটি কার্যকর হলে পরিবেশগত অনুমোদন ও আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে থাকা বড় প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
শুক্রবার (২০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বিলটির পক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়েছেন ১৪ জন ডেমোক্র্যাট সিনেটর। তাদের মধ্যে রয়েছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। অন্যদিকে দুই রিপাবলিকান সিনেটর জশ হাওলি ও মাইক রাউন্ডস বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
বিলটির সমর্থকদের যুক্তি, যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের সঙ্গে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারও বেড়েছে। এ চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ জরুরি। কিন্তু দীর্ঘ অনুমোদনপ্রক্রিয়া এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন বিল সেই জটিলতা কমিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ব্যয় কমাতে সহায়তা করবে বলে মনে করছেন সমর্থকরা।
বিলটিতে ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং সেগুলোকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনীয় সঞ্চালন লাইন তৈরির ব্যয় তাদেরই বহন করতে হবে।
তবে বিলটি নিয়ে পরিবেশবাদী সংগঠন ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ রয়েছে। সমর্থকদের মতে, এর ফলে সৌর, বায়ু ও ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত হবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, পরিবেশগত সুরক্ষা দুর্বল হওয়ার সুযোগে তেল পাইপলাইন ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণও সহজ হয়ে উঠবে। এ ছাড়া জলাভূমি, বিপন্ন প্রাণী এবং আদিবাসীদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের সুরক্ষা নিয়েও উদ্বেগ রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের হিসাব অনুযায়ী, বিলটি কার্যকর হলে ২০৪০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ প্রায় ৩ শতাংশ কমতে পারে। একই সময়ে একটি পরিবারের বার্ষিক বিদ্যুৎ বিল ৫০ থেকে ৭৮ ডলার পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে গবেষণায় সতর্ক করা হয়েছে, নিঃসরণ বর্তমান পর্যায়ের কাছাকাছিও থেকে যেতে পারে।
প্রতিনিধি পরিষদে অনুমোদন পেলে বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বিলটির প্রতি সমর্থন জানিয়েছে।


-31b3e3.jpg)












-c63a26.jpg)
