হরমুজে এক সপ্তাহে ৬ জাহাজে হামলা, জ্বালানি সরবরাহে উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২৩: ৫৬
হরমুজ প্রণালি। ফাইল ছবি
হরমুজ প্রণালি। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে এক সপ্তাহে ছয়টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত সবকটি জাহাজই তেলবাহী ট্যাংকার। এসব হামলায় জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে ১২ থেকে ১৮ নভেম্বরের হামলার তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির হিসাবে, এ সময়ে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি হামলার ঘটনা ঘটেছে।

ইউকেএমটিওর প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ছয়টি ট্যাংকারের মধ্যে দুটি জাহাজকে সহায়তা নিতে হয়েছে। অন্য চারটির ক্ষয়ক্ষতি ও পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর নেই।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ১৮ নভেম্বর হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওমানের খাসাব উপকূলের প্রায় ছয় নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও নাবিকেরা নিরাপদ ছিলেন। এর আগের দিন একই নৌপথে আরেকটি ট্যাংকারে হামলা হয়। ১৬ নভেম্বর পৃথক দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ১৫ ও ১৩ নভেম্বর পারস্য উপসাগরীয় এলাকায় আরও দুটি হামলার তথ্য নথিভুক্ত করে সংস্থাটি।

এদিকে শনিবার ওমানের খাসাব বন্দরের কাছাকাছি দুটি ট্যাংকারে হামলার খবরও জানিয়েছে ইউকেএমটিও। একটি জাহাজের পেছনের অংশে এবং অন্যটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। প্রাথমিকভাবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি। সংঘাতের আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। ফলে সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও পরিবহন ব্যয়ে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ইউকেএমটিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে হরমুজ প্রণালি দিয়ে ১১৫টি জাহাজ বেরিয়ে গেছে এবং ১৪৮টি জাহাজ প্রবেশ করেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এ পথে জাহাজ চলাচল কমেছে প্রায় ৬৫ শতাংশ।

সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে জাহাজগুলোকে বিকল্প নৌপথ ব্যবহার করতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে পণ্য পরিবহনে সময় ও খরচ বাড়বে। এর প্রভাব জ্বালানি ছাড়াও আন্তর্জাতিক বাজারে অন্যান্য পণ্যের সরবরাহ ও দামের ওপর পড়তে পারে।

তথ্যসূত্র: রয়টার্স ও আল-জাজিরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad