হরমুজে ট্যাংকারে মাইন বিস্ফোরণ, জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একের পর এক তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ঘটনায় প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।

এর আগে একই এলাকায় দুটি ট্যাংকারে মাইন বিস্ফোরণ এবং একটি বিশাল তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার দাবি করেছিল ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এসব ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। ইরানের নৌবাহিনী দাবি করেছে, জাহাজটি তাদের নির্ধারিত সামুদ্রিক বিধিনিষেধ অমান্য করেছিল।

ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি কিংবা আশপাশের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী জাহাজগুলো মাইনে আঘাত পেয়ে আগুনের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, রোববার দক্ষিণ হরমুজ দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। এর মধ্যে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার দক্ষিণ উপসাগরে ডুবে গেছে বলে দাবি করে বাহিনীটি।

তবে জাহাজগুলোর নাম, পতাকাবাহী দেশ কিংবা নাবিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এসব দাবির স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যেও হরমুজে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে। গত ১৩ নভেম্বর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছিল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণের শিকার হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ, পরিবহন ব্যয় ও তেলের দামে প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরুর পর গত ১২ জুলাই ইরান প্রণালিটি আবার বন্ধের ঘোষণা দিয়েছিল। এখন অনুমোদিত পথ ছাড়া চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad