হরমুজে হামলা বাড়ছে, ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের সতর্কতা

ডেস্ক, রাজনীতি ডটকম
মধ্যপ্রাচ্যের চলমান সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সর্তক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সর্তক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনা বাড়ছে। চলতি সপ্তাহেও প্রণালিটিতে জাহাজে হামলা ও নাবিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অর্থনীতিবিষয়ক পাকিস্তানি সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সর্তক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বৃহস্পতিবার প্রকাশিত আইইএর বার্ষিক ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং এর পালটা প্রতিক্রিয়া বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে।

আইইএর প্রতিবেদনে আরও বলা হয়, জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, শেষ পর্যন্ত তা ভোক্তাদেরই বহন করতে হচ্ছে। সংস্থাটির আশঙ্কা, সংকটের প্রভাব দীর্ঘদিন ধরে চলতে পারে।

ইরান হরমুজ প্রণালি অবরোধ এবং ওই পথে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে হামলা শুরু করার পর উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও সরবরাহ পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। নভেম্বরেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে হামলার পর অন্তত দুই নাবিক নিখোঁজ হয়েছেন। একটি জাহাজে আগুন ধরে যাওয়ার ভিডিও ব্যবসায়ী ও জাহাজমালিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সময় ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ লিখেছে, একই জাহাজে একাধিকবার হামলার চেষ্টা এবং জাহাজের গায়ে লিমপেট মাইন লাগানোর ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। নিরাপত্তার কারণে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদক ও জাহাজ পরিচালনাকারীরা হামলার বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছেন।

এদিকে চলতি মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-পঞ্চমাংশ কমেছে। যুদ্ধের আগের স্বাভাবিক সরবরাহ পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা এবং চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমেছে। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সরবরাহ আবারও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও হামলার ঝুঁকি, বিমা ব্যয় বৃদ্ধি এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাণিজ্যের খরচ আরও বাড়িয়ে দিতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad