ইরান-যুক্তরাষ্ট্রের পালটা আঘাত: বাহরাইনের পর কাঁপল কেশম দ্বীপ

দুই দেশের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন আক্রমণের পরপরই ইরানের কৌশলগত কেশম দ্বীপে সরাসরি পালটা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ওয়াশিংটন ও তেহরানের এই সরাসরি সামরিক সংঘাতের তথ্য উঠে এসেছে। এই পালটাপালটি হামলার ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে।
মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ওই ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। উল্লেখ্য, উপসাগরীয় দেশ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর অবস্থান করে, যা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র।
অন্যদিকে, হামলার দায় স্বীকার করে ইরানের আইআরজিসি এক পৃথক বিবৃতিতে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের মতে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে এই হামলা পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর চলমান শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির উপযুক্ত জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।
বাহরাইনে ড্রোন হামলার পরপরই কঠোর প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। নিজেদের সেনা ও সামরিক সম্পদের ওপর ইরান সরাসরি আগ্রাসন চালিয়েছে—এমন অভিযোগ তুলে ইরানের অভ্যন্তরে পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন পক্ষ।
ইরানের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা কেশম দ্বীপে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। তবে এই হামলায় দ্বীপটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তেহরান। ওই কর্মকর্তার মতে, কেশম দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। দুই পরাশক্তির এই সরাসরি সামরিক মুখোমুখি অবস্থানে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।












