হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নৌ-নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা ও সেনাবাহিনী দাবি করেছে, জাহাজগুলো ইরানের নির্ধারিত চলাচলপথ ও সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল।
ইরানের বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী বৃহস্পতিবার রাকে জানিয়েছে, বুধবার রাতে দুটি সুপারট্যাংকার অনুমোদনহীন দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের শিকার হয়। সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ দুটি নৌমাইনে আঘাত পায় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রণালির পূর্বাঞ্চলে আরও দুটি ট্যাংকার মাইনে আঘাত করে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার জাহাজগুলোও সতর্কবার্তা অমান্য করেছিল এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশের আগে নিজেদের রাডার বন্ধ করে দেয়। এসব ঘটনায় জাহাজে আগুন ধরে যায় বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের দেওয়া বিবরণ স্বাধীনভাবে যাচােই করা যায়নি। জাহাজগুলোর মালিকানা, পতাকা, ক্রুদের অবস্থা কিংবা তেল ছড়িয়ে পড়ার কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার উত্তর-পশ্চিমে হরমুজ ছেড়ে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত বস্তুতে আঘাতপ্রাপ্ত হওয়ার খবর দেয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন লাগে। পরে সব নাবিককে সরিয়ে নেওয়া হয় এবং আগুন নেভানোর কাজ শুরু হয়।
রয়টার্সের খবর বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার প্রত্যাশায় প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বাড়লেও বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১০ দিনে অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। অক্টোবরে এ সংখ্যা ছিল ৩৭, যা ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এ পথে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রণালি পারাপারে ট্যাংকারগুলোকে সহায়তা করছে। নতুন বিস্ফোরণের খবর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।









-322f2b-256x144.webp)



