রিয়াদ লক্ষ্য করে হুতিদের ৩ ক্ষেপণাস্ত্র, প্রতিহতের দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ভোরের এ ঘটনা কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে বৃহস্পতিবার শহরটির একটি গুরুত্বপূর্ণ বহুতল ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের দিকে ধেয়ে আসা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার সময় রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু ছুটে যেতে দেখেন একজন প্রত্যক্ষদর্শী। এর কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রাজধানীতে আকাশপথে হামলার সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার হুতিদের হামলায় রিয়াদে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর অন্যতম উঁচু ভবনটিতে হামলার পর শহরজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়।
এদিকে রিয়াদে নতুন ক্ষেপণাস্ত্র হামলার আগে শুক্রবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর ও রাজধানী সানায় অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হোদেইদা বন্দর অস্ত্র চোরাচালান এবং ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহার করছিল হুতিরা। এ ছাড়া সানায় তাদের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
জোটের ওই অভিযানের জবাবে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতিরা। সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে ওই পথে চলাচল এড়িয়ে যাওয়ার সতর্কতাও দিয়েছে গোষ্ঠীটি। তাদের হুমকির তালিকায় রয়েছে রিয়াদের আর্থিক কেন্দ্র এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র।
সৌদি আরব এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। ২০২২ সালে সংঘাত কার্যত অচলাবস্থায় পৌঁছালেও গত জুলাইয়ে তা আবার তীব্র হয়ে ওঠে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা এখন হুতিদের নিয়ন্ত্রণে।
সৌদি জোট এবং হুতিদের মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আশঙ্কা, সংঘাত আরও ছড়িয়ে পড়লে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সরবরাহপথগুলোও ঝুঁকির মুখে পড়বে।













-9d1a51.jpg)


