শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনিভাবে সুরাহা হবে’— জানাল ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিতক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল এ কথা বলেন।

আগেই ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এর মধ্যে সোমবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তার জন্য নতুন করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট ইস্যু করার বিষয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে ওই চিঠি দেয়। তাতে বলা হয়, ‘আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’

সোমবার দিনভর তো বটেই, মঙ্গলবারও দেশের রাজনীতিতে এটি ছিল অন্যতম আলোচিত ইস্যু। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ভারতেও। মঙ্গলবারের নিয়মিত ব্রিফিংয়েও অন্তত চারজন সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন রাখেন জয়সওয়ালের কাছে।

গৌতম লাহিড়ী বলেন, শেখ হাসিনা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি দেশে ফিরতে চাইলে এতে ভারতের কোনো ভূমিকা বা আলোচনার সুযোগ আছে কি না? ইন্ডিয়া এক্সপ্রেসের সত্য কৃষ্ণ মোহন বলেন, বাংলাদেশ সরকার চায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?

এ ছাড়া বার্তা সংস্থা এএফপির সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন কোনো কথা হয়েছে কি না। দ্য হিন্দুর সাংবাদিক প্রশ্ন করেন, পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না? প্রত্যর্পণের জন্য কি পাসপোর্ট অপরিহার্য?

এসব প্রশ্নের উত্তরে জয়সওয়াল পুরো বিষয়টি আইন ও বিচার বিভাগের ওপর নির্ভরশীল বলে জানিয়ে দেন। পাসপোর্টের পাশাপাশি শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস নিয়ে প্রশ্ন উঠলেও একই জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। বলেন, এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। এ বিষয়ে কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলে জানান তিনি।

এ ইস্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রী, রাজনীতিবিদসহ রাজনৈতিক পর্যবেক্ষকরাও কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য চিঠির বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানান সাংবাদিকদের।

এর আগে অবশ্য সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী বারবারই বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

এদিকে শেখ হাসিনার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স দূতাবাসে যে চিঠিটি পাঠিয়েছে তা আদৌ শেখ হাসিনার পাসপোর্টের আবেদন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে প্রচলিত ই-পাসপোর্ট পেতে হলে সরাসরি অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। এ প্রক্রিয়া সবার জন্য প্রযোজ্য। এর বাইরে পাসপোর্ট পাওয়ার আর কোনো প্রক্রিয়া নেই। শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিষ্ঠান যে চিঠি পাঠিয়েছে, তা স্বাভাবিকভাবেই পাসপোর্ট অধিদপ্তরের এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানও গণমাধ্যমকে জানিয়েছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা ইমেইলে পেয়েছেন। তবে সেই চিঠির মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনটি আদৌ সঠিক কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এর আগে শেখ হাসিনা ভারতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে এবং বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে রাজি তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad