সত্যিই পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা? কী বলছে সরকার?

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান— এ কথা গত এক বছরে বারবারই বলেছেন। তবে তার দেশে ফেরার উপায় কী হবে, সে বিষয়ে তার পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। এবার তার দল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনার পক্ষে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল করা হয়েছিল।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠানোর খবর ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের দাবি, ওই চিঠির মাধ্যমে শেখ হাসিনার জন্য নতুন এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করা হয়েছে।
এরপর দিনভর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল ইস্যুটি। এ নিয়ে কথা বলেছেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতারা। শেখ হাসিনার দলের পক্ষ থেকে এনআইডি ও পাসপোর্টকে তার ‘অধিকার’ হিসেবে অভিহিত করে বক্তব্য এসেছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ওই চিঠিতে আদৌ শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করা হয়েছে কি না বা এ ধরনের চিঠির মাধ্যমে পাসপোর্টের আবেদন করা যায় কি না।
পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করে থাকলে তিনি তার গ্রেপ্তার হওয়ার পথই সুগম করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য চিঠির বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানিয়েছেন সাংবাদিকদের।
দিল্লি দূতাবাসে শেখ হাসিনার পক্ষে চিঠি
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট বাতিল করে অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ বিষয়টি উল্লেখ করেই শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো চিঠিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্টের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
ম্যাট্রিক্স চেম্বার্সের ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’
পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা?
শেখ হাসিনার পক্ষ থেকে ওই চিঠি পাঠানোর পর তার দল আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে প্রচার করা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা থেকেই নতুন এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে ম্যাট্রিক্স চেম্বার্স যে চিঠিটি পাঠিয়েছে তা আদৌ শেখ হাসিনার পাসপোর্টের আবেদন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কারণ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে প্রচলিত ই-পাসপোর্ট পেতে হলে সরাসরি অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। এ প্রক্রিয়া সবার জন্য প্রযোজ্য। এর বাইরে পাসপোর্ট পাওয়ার আর কোনো প্রক্রিয়া নেই। শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিষ্ঠান যে চিঠি পাঠিয়েছে, তা স্বাভাবিকভাবেই পাসপোর্ট অধিদপ্তরের এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানও গণমাধ্যমকে জানিয়েছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা ইমেইলে পেয়েছেন। তবে সেই চিঠির মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনটি আদৌ সঠিক কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
দিল্লি দূতাবাস বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ইমেইলটি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
শেখ হাসিনার চিঠি ইস্যুতে দিনভর আলোচনা
দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠি নিয়ে দিনভর আলোচনা হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও এ ইস্যুতে কথা বলেছেন।
জুলাই আন্দোলন চলাকালে হত্যাসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার পক্ষে পাঠানো চিঠিকে ‘নির্লজ্জতার উদাহরণ’ বলে আখ্যা দিয়েছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, অরাজকতা তৈরির রাজনীতিতে মেতেছেন, অথচ তার ভেতরে কোনো অনুশোচনা নেই।’
রিজভী আরও বলেন, ‘বিলেতে কয়েকজন রাজনৈতিক নেতার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হচ্ছে শেখ হাসিনাকে, যেন তার ফাঁসি না হয়। আবু সাঈদ, মুগ্ধের মতো দেড় হাজার শহিদের মা-বাবারা তাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর অপেক্ষায় আছেন।
অভ্যুত্থান-পরবর্তী দেশের ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আবার মনে করছেন, নতুন পাসপোর্ট ও এনআইডির চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজের গ্রেপ্তারের পথ সহজ করেছেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনা এমন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন, যেখানে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া সম্ভব বলে তিনি মনে করছেন।
তবে শেখ হাসিনার এমন ইঙ্গিত ‘ভুল’ পদক্ষেপ এবং এটি তারই বিরুদ্ধে যাবে বলেও মনে করছেন আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। তার প্রত্যর্পণের জন্য সরকার এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
পোস্টের শেষ ভাগে শেখ হাসিনার উদ্দেশে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’
কী বলছে সরকার
দিল্লি হাইকমিশনকে পাঠানো ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠি নিয়ে সরকারের তরফ থেকেই প্রতিক্রিয়া এসেছে দ্রুতই। সোমবার দুপুরের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে তিনি শেখ হাসিনার পক্ষে চিঠি পাঠানোকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন। পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না বলেও কঠোর অবস্থান জানিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। তার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। তাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে ফেরার তার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ।
সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দুই দেশের মধ্যেকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে শুরু থেকেই। চিঠির বিষয়টি সামনে আসার আগেই রোববার আইনমন্ত্রী আসাদুজ্জামানও জানান, বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিই শেখ হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র উপায়।
আইনমন্ত্রী বলেন, উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়। তাকে দেশে ফেরাতে এরই মধ্যে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
সোমবার চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য কিছুটা সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। সোমবার দুপুরের দিকে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা ও এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। এ ধরনের আবেদন করার অধিকার তিনি রাখেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা উল্লেখ করেন। বলেন, Prima facie case হিসেবে আমি বলতে পারি— কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যেন তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।


















